একটি শুক্রবার
দুপুরে আলু ভর্তা দিয়ে প্রথম লোকমা মুখে দিয়েই মনে হল আলু ভর্তা আমার খাদ্যতালিকা থেকে চিরতরে বিদায় দিতে হবে। অফিসের বাবুর্চি এত বাজে ভর্তা কিভাবে করে সেটার রেসিপি টা নিতে হবে। অথচ আলু ভর্তা আমার পছন্দের খাবারের শীর্ষে। আমার মায়ের আলু ভর্তা চেয়ে নানুর আলু ভর্তা ছিল বেশি মজার। মায়ের কথা মনে হতেই মনটা হু হু করে উঠল। অনেকদিন হল দেখা হয় না। শেষ ঈদে বাড়ি গিয়েছিলাম। তারপর প্রায় আরেকটা রোজার ঈদ চলে আসল। এই সপ্তাহ না, সামনের সপ্তাহ এই করতে করতে সময় চলে গেল। বাবা নাই গত বিশবছর। আমরা ছয় ভাই বোনের সবার ছোট আমি বাদে প্রায় সবাই এক বাসায় না হলেও আম্মার কাছাকাছি থাকে। ভিডিও কলে কথা হয় নিয়ম করে প্রতি শুক্রবার সকালে। তাছাড়া উনার নাতি নাতনিদের সাথে প্রতিদিন কথা বলেন। সপ্তাহন্তে শুক্রবার শনিবার দুইদিন ছুটি। কিন্তু এই সপ্তাহ এই অনুষ্ঠান সেই জন্মদিন কিছু না কিছু থাকেই। আজ বৃহস্পতিবার। আগামীকাল আমাদের এমডি স্যারের মেয়ের বিয়ে। কাল সন্ধ্যায় সেখানে যেতে ই হবে। চাদা সবার সাথে দেওয়া হয়ে গেছে। পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আলাদা গিফট কিনে রেখেছি। অফিসের বড় অফিসার হিসাবে আমার পরিবারবর্গ দাওয়াত। বউও এক্সাইটেড। অবশ্য কোথাও যাওয়ার কথা থাকলে ই তিনি এক্সাইটেড হয়ে যায়। বেচারি ই বা কি করার আছে। সেও তো সারা সপ্তাহ বাচ্চাদের পিছনে ছুটাছুটি করতে করতে ক্লান্ত থাকে। ছুটিরদিন গুলো তে এদিক সেদিক যেতে পারে। তবুও তো সব সপ্তাহতে হয়ে উঠে না।
আলু ভর্তা আর কাওরানবাজারের বিষাক্ত রুই মাছ ছিল আজ অফিসের দুপুরের খাদ্যতালিকায়। দুইটায় আমার অপছন্দের। তাই আর খেলাম না। হাত ধুয়ে চলে এলাম আমার রুমে। অফিসের পিয়ন থেকে শুরু করে চেয়ারম্যান স্যার পর্যন্ত সবাই এক সাথে একেই ডাইনিং রুমে বসে খায়। অফিসের নিয়ম কানুন খুব কড়া। এখানে সবাইকে একজন মানুষ হিসাবেই গন্য করা হয়। তাই ভাল লাগে এখানে কাজ করতে। অফিস শুরু নয়টা মানে নয়টা। ছুটি সাড়ে পাঁচটা মানে একদম সাড়ে পাঁচটা। মাঝখানে আধঘন্টার লাঞ্চ বিরতি। কিন্তু বৃহস্পতিবার বিকালটা একটু অন্যরকম। সবার জানি কিসের তাড়া। আমিও জানি কেমন হয়ে যাই। কাজ আর কি কোনভাবে সাড়ে পাঁচটার অপেক্ষা। ছুটি হলে গাড়িতে বসলাম। অফিস থেকে আমাকে আনা নেওয়ার জন্য গাড়ি আছে। মাঝে মাঝে ব্যক্তিগত কাজেও ব্যবহার করি। গাড়িতে বসার পর ড্রাইভার ছমেদ মিয়া জিজ্ঞেস করল, স্যার কাল এম ডি স্যারের মেয়ের বিয়েতে যাওয়ার জন্য কয়টায় আপনাদের বাসা থেকে আনতে যাব? যেও মাগরিবের পর, আমার ছোট উত্তর। মন থেকে মায়ের কথা বাড়ির কথা কিছুতেই ছাড়ছে না। এর মাঝেই মহাখালীর জ্যামে পড়ে গেলাম। ঘড়ি দেখলাম প্রায় ছয়টা বাজে। পৌনে সাতটায় আমার বাড়ির ট্রেন এয়ারপোর্ট রেলষ্টেশান থেকে ছেড়ে যাবে। মনে হতে ই মনটা আনচান করে উঠল। আমি ড্রাইভারকে বললাম, তুমি এক কাজ কর আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে যাও। আমি বাড়ি যাচ্ছি খুব জরুরী কাজ। কাল তোমার ভাবি আর বাচ্চাদের নিয়ে বিয়েতে যাবে। আবার রাতে বাসায় নামিয়ে দিয়ে আসবে। ছমেদ মিয়া আশ্বাস দিল কোন অসুবিধা নাই। ছমেদ মিয়া ড্রাইভার হিসাবে যেমন ভাল আবার মানুষ হিসাবেও ভাল। আমাকে অনেক সম্মান করে। প্রতি ঈদে তার জন্য আমি আলাদা কেনাকাটা করি। ভাল বকশিস দেই। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যখন ভাল অবস্থানে যায় তখন ছমেদ মিয়াদের প্রতি অন্যরকম সহানুভূতি দেখায়।
দৌড়ে গিয়ে ট্রেন পেলাম সিট পেলাম না। স্ট্যান্ডিং টিকিট কেটে কোনরকম একটা জায়গায় দাঁড়ালাম। প্রচন্ড ভীড়। হয়ত বৃহস্পতিবার বলে ই ভীড় বেশি। আমার কোন কষ্ট হচ্ছে না। অথবা কষ্ট হলেও বাড়ি যাওয়ার আনন্দের কাছে এটা কিছুই না। আর এতে আমি অভ্যস্ত। ভীষণভাবে অভ্যস্ত। ছাত্রজীবনে অনেকবার এরচেয়ে দ্বিগুণ ভীড়ে বাড়ি ফিরেছি। বউকে মাঝখানে ফোন দিয়ে বলে দিলাম যে বাড়ি যাচ্ছি খুব খুব জরুরী কাজ। আরও বললাম ফোনে চার্জ নাই। ফোন বন্ধ হলে চিন্তার কিছু নাই। আগামীকাল যেন সে বিয়েতে অবশ্য ই যায় নয়ত উপহারটা দেওয়া যাবে না। একা যেতে একটু অনীহা করছিল। কিন্তু পরে যেতে রাজি হল। আমার বউকে অফিসের সবাই চিনে। তার কয়েক বান্ধবীও আছে আমার অফিসে। তার একা লাগবে না যে আমি নিশ্চিত। আমার পিয়নকে বলে দিব সে বাচ্চাদের সামলাবে। তাছাড়া আমার টিমের সবাই থাকবে।
রাত এগারোটায় ট্রেন থেকে নিজের শহরে নামলাম। একটা দমকা হাওয়া এসে লাগল। দিল টা একদম শীতল হয়ে গেল। মনে হল এই শীতলতাটা ই খুঁজতে ছিলাম বহুদিন ধরে। একটা অটো রিকশা পেলাম। ভাড়া চাইল একশ টাকা। স্বাভাবিক ভাড়া চল্লিশ টাকা। ট্রেন থেকে নেমেছি আবার রাত সব মিলিয়ে দরাদরি করে আশিটাকায় উঠলাম। ষ্টেশানের পাশেই আমার কলেজ ছিল। আমার প্রথমদিনে কলেজে রিকশা করে এসেছিলাম সেই সময় রিকশা ভাড়া ছিল সাত টাকা। মনে মনে হাসলাম। আমার রিকশা একদম শহরের ভিতর চলে এল। দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। কিছু ছেলেপেলে অন্ধকারে আড্ডা দিচ্ছে। এখন আর আমার শহর আমায় চিনে না। মাঝে মাঝে আমারও অচেনা লাগে। নিজের শহরে আমি এক অতিথি মাত্র।
বাসার সামনে নেমে আম্মাকে একটা ফোন দেওয়ার জন্য পকেট থেকে ফোনটা বের করার আগেই আম্মা গেইট খুলে দিল। আম্মা বারান্দায় বসে ছিল রিকশার আওয়াজ শুনে গেইট খুলে দিল। আমি অবাক হলাম না। এটা অনেক পুরনো অভ্যাস। ছাত্র অবস্থায় সবসময় রাত করেই বাড়ি ফিরতাম আর আম্মা এইভাবেই বসে থাকত আমার অপেক্ষায়। আজ নিশ্চয়ই আমার বউ আম্মাকে আমার আসার কথা জানিয়ে দিয়েছে। আম্মাকে জরিয়ে ধরে ঘরে প্রবেশ করলাম। আম্মা বলল বাথরুমে গরম পানি রাখা আছে হাত মুখ ধুয়ে আয় ভাত খাবি।
গরম ভাত আলু ভর্তা, গরুর গোশত, পাতলা ডাল। আলু ভর্তা দিয়ে এক লোকমা মুখে দিয়ে মনে হল আমি যেন স্বর্গীয় খাবার খাচ্ছি। অথচ দুপুরে অফিসে এটাই বিষের মত লেগেছিল। খাওয়া দাওয়ার পর আম্মার গল্পের ঝুড়ি শুরু হল। কে কি করেছে। কোথায় কি হচ্ছে। কোন আত্বীয়স্বজন কার কি সুসংবাদ দুঃসংবাদ সব একে একে বলতে লাগল। এর বেশিরভাগেই আমার জানা। তারপরেও শুনতে ভাল লাগছে। গল্প করতে করতে কখন যে আম্মার বিছানায় ঘুমিয়ে গেলাম মনে নেই।
ফজরের আযানে ঘুম থেকে জেগে উঠলাম। অযু করে মসজিদে গেলাম। এই সেই মসজিদ যেখান থেকে আমার শিক্ষা (মক্তব) জীবন কায়দা, আমপারা দিয়ে শুরু হয়েছিল। আমার সাথে সাথে মসজিদেও অনেক বড় হয়েছে। নামাজ শেষে নদীর পাড়ে মসজিদের ঘাটে বসে রইলাম। তখনও ভোরের আলো ফোটেনি। কত কিছু মনে হতে লাগল এই নদীতে কত দাপাদাপি করেছি একসময়। এখন আর নদীতে পানি নেই। হটাৎ দেখলাম আমার মেজু ভাইয়ের মেয়ে আরও দুইটা মেয়ের সাথে হেঁটে যাচ্ছে। ডাক দিলাম। ভূত দেখার মত চমকে গেল। প্রায় দৌড়ে এসে আমাকে জরিয়ে ধরল। জিজ্ঞেস করল চাচ্চু কখন এসেছো? বললাম গতকাল রাতে। সে জানালো সে যাচ্ছে কোচিংয়ে পরীক্ষা সামনে তাই শুক্রবারেও ক্লাস হয়। আমি বললাম তাড়াতাড়ি ফিরে আয় সবাই এক সাথে মজা হবে। তাকে বিদায় দিয়ে বাসার দিকে হাটা দিলাম। বাসায় না এসে চলে গেলাম বড় আপার বাসায়। সেখানে চা বিস্কুট খেয়ে ছোট আপার বাসায় গেলাম। রাস্তায় দেখা হল বড় ভাইয়ের বড় ছেলের সাথে। সে আটা কিনতে দোকানে এসেছে। ছোট আপার বাসা থেকে সকালের নাস্তা করে আপা আর বাচ্চাদের নিয়ে আমাদের বাসায় চলে এলাম।
এদিক দিয়ে সবাই জেনে গেল আমি এসেছি। বড় ভাই মেজু ভাই চলে এল দেখা করতে। সবার সাথে কুশলাদি করে বাজারে গেলাম বাজার করতে। কাঁচাবাজার আমাদের এলাকার মোড়েই। সেখানে মাছ মাংস সবে ই পাওয়া যায়। বাজারের সব সবজি বিক্রেতায় আমার পরিচিত। কয়েকজন তো আমার প্রাইমারি লেভেলের ক্লাসমেট। আমাকে তুমি বলতে লজ্জা পায়। আমি তাদের তুই করে বলি তাদেরও বলি আমাকে তুই বলতে। বাজারের পর একটা পরিচিত রিকশায় বাসায় বাজার পাঠিয়ে দিলাম। চা খেতে ডুকলাম এলাকার সবচেয়ে বড় রেষ্টুরেন্ট আমার ঘনিষ্ঠ বন্ধুর দোকানে। সেখানে পেয়ে গেলাম এলাকার বন্ধু বান্ধবদের। কিছুক্ষন আড্ডা দিয়ে বাসায় এসে গোছল করে মসজিদে জুম্মা পড়তে চলে গেলাম। দুপুরে চলল বিশাল আয়োজন। সব ভাই বোন, ভাবী, দুলাভাই বাচ্চাদের দাওয়াত। সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা হা হা হি হি। ভুলেই গেলাম আমার ইট পাথরের জীবন। মনে হল আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন শেষে সব মিথ্যা হয়ে যাবে। এই একটা দিনের জন্য যে আমার মনটা হাহাকার করেছিল সেটা আসার পর বুঝতে পারলাম।
পরদিন মানে শনিবার সকালে নাস্তা করে চলে আসব। খুব যে খারাপ লাগছিল বলব না। বরং আমার ছেলে মেয়ের জন্যে আরেক খারাপ লাগা শুরু হয়েগিয়েছিল। এই যে আরেক মায়া। এখানে মায়ের মায়া সেখানে নিজের সংসারের মায়া। শেষে আম্মাকে সাথে করে ই রওনা দিলাম ইট পাথরের জীবনে। মায়ার শহরে। পিছনে পড়ে রইল আমার শৈশব, কৈশোর জীবন আমার ভালবাসার শহর।