আজ বিকেলে ফেসবুক মেসেঞ্জারে একটা নোটিফিকেশন এল।
Someone left the group.
প্রথমে গুরুত্ব দিইনি। সারাদিন কত নোটিফিকেশনই তো আসে। কিন্তু গ্রুপটার নাম দেখে থমকে গেলাম।
“365 Days of Bliss.”
নামটা দেখে একটু হাসি পেল। তারপর বুকের ভেতর কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো।
দশ বছর আগের একটা গ্রুপ চ্যাট।
২০১৫ সালের শেষ দিকে খোলা হয়েছিল। আমার সবচেয়ে কাছের বান্ধবী ঐশী আর আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধু সৌরভের বিয়ে উপলক্ষে।
গ্রুপটার নাম দিয়েছিলাম আমরা খুব উৎসাহ করে। কে দিয়েছিল ঠিক মনে নেই। সম্ভবত তাসনিম। মেয়েটার তখন ইংরেজিতে রোমান্টিক নাম দেওয়ার খুব শখ ছিল।
৩৬৫ ডেজ অব ব্লিস।
নামটা শুনে ঐশী বলেছিল, “৩৬৫ দিন কেন? এক বছর পর কি সুখ শেষ?”
সৌরভ উত্তর দিয়েছিল, “তারপর আবার নতুন ৩৬৫ দিন শুরু হবে।”
আমরা সবাই হেসেছিলাম।
আজ দশ বছর পর সেই কথাটা মনে পড়ে গেল।
___________________
কী আশ্চর্য, মানুষ ভবিষ্যৎ সম্পর্কে কত নিশ্চিন্ত হয়ে কথা বলে!
গ্রুপটা খুলেছিলাম বিয়ের আয়োজনের জন্য।
কারা গায়েহলুদে আসবে, কে কী রঙের জামা পরবে, কারা নাচবে, কে গান গাইবে, কে গাড়ির ব্যবস্থা করবে এসব নিয়ে আলোচনা।
কেউ লিখত, “আমি কিন্তু হলুদে নাচব না।”
পাঁচ মিনিট পর সেই মানুষটাই ইউটিউব থেকে গানের লিংক পাঠাত।
কেউ জিজ্ঞেস করত, “বরের জুতা চুরি করার দায়িত্ব কার?”
আরেকজন উত্তর দিত, “আগে বর আসুক, তারপর দেখা যাবে।”
ঐশী তখন প্রায়ই আমাকে আলাদা করে মেসেজ দিত।
“দোস্ত, সবাই এত কিছু প্ল্যান করতেছে কেন? আমার ভয় লাগতেছে।”
আমি বলতাম, “তোর বিয়ে, তুই ভয় পাবি না তো কে পাবে?”
“না রে, বিয়ের ভয় না। সবকিছু এত তাড়াতাড়ি হইতেছে!”
ঐশী আর সৌরভের প্রেম ছিল বিশ্ববিদ্যালয়জীবনের।
ক্যাম্পাসে তাদের একসঙ্গে দেখতেই আমরা অভ্যস্ত ছিলাম। ক্লাসের পর চায়ের দোকানে, লাইব্রেরির সামনে, পহেলা ফাল্গুনে, বইমেলায়।
সৌরভ ছিল খুব প্রাণবন্ত ছেলে। আড্ডার মধ্যমণি। ঐশীকে নিয়ে তার আদিখ্যেতা আমাদের মাঝেমধ্যে অসহ্য লাগত।
ঐশী একটু দেরি করে এলে সৌরভ বলত, “আমার বউ কই?”
আমরা বলতাম, “আগে বিয়া কর, তারপর বউ ডাকিস।”
সৌরভ বলত, “বিয়া তো করবই। তোরা দাওয়াত খাওয়ার জন্য রেডি থাক।”
সেই দাওয়াত সত্যিই এসেছিল।
আমরা সবাই গিয়েছিলাম।
_________________
আজ গ্রুপটা খুলে একেবারে প্রথম দিকের মেসেজগুলো দেখতে লাগলাম।
১ জানুয়ারি ২০১৬।
কেউ লিখেছে, “Thank you
”
পরদিন কেউ একটা থাম্বস আপ দিয়েছে।
আরেকজন লিখেছে, “Welcome.”
তারপর বিয়েতে আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ, নবদম্পতির জন্য শুভকামনা, ছবি দেখার আবদার।
“Many many love and prayers for both of you.”
একটা মেসেজে লেখা, গাড়ির সমস্যার জন্য আসতে পারেনি, কিন্তু পরের অনুষ্ঠানে অবশ্যই আসবে।
পড়তে পড়তে মনে হলো, এই কথাগুলো লেখার সময় আমরা কেউ জানতাম না, দশ বছর পর কোথায় থাকব।
কে কোন দেশে চলে যাবে, কার বিয়ে হবে, কার সংসার ভাঙবে, কে কার সঙ্গে আর কোনোদিন কথা বলবে না।
কত মানুষ ছিল গ্রুপটায়!
কিছু নাম দেখে মুখ মনে পড়ছে। কিছু নাম দেখে মনে হচ্ছে, মানুষটাকে কি আদৌ চিনতাম?
একজনের নামের জায়গায় শুধু Facebook user লেখা।
হয়তো অ্যাকাউন্ট ডিলিট করেছে। হয়তো আমাকে ব্লক করেছে। হয়তো নাম বদলেছে।
কে জানে!
একটা সময় এই মানুষগুলো একই অনুষ্ঠানের জন্য উত্তেজিত ছিল। একই ছবি দেখার অপেক্ষায় ছিল। একই দুজন মানুষের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছিল।
এখন তাদের অনেকের সঙ্গেই কোনো যোগাযোগ নেই।
_________________
ঐশীর বিয়েটা হয়েছিল জানুয়ারির এক শীতের সন্ধ্যায়।
সেদিন ঐশী লাল বেনারসি পরেছিল। কপালে টিকলি, হাতে মেহেদি। সাজ শেষ হওয়ার পর আয়নায় নিজেকে দেখে আমার হাত চেপে ধরেছিল।
“দোস্ত, কেমন লাগতেছে?”
আমি বলেছিলাম, “ভালো না। একদম বাজে।”
ঐশী হেসে আমাকে একটা ধাক্কা দিয়েছিল।
তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলেছিল, “আমার বিশ্বাসই হইতেছে না, আমি বিয়ে করতেছি।”
আমি বলেছিলাম, “আমারও না।”
সৌরভ বরযাত্রী নিয়ে এসেছিল একটু দেরিতে। আমরা দরজা আটকে টাকা চেয়েছিলাম। সৌরভ হাসতে হাসতে বলেছিল, “আমার বউরে নিতে আসছি, ডাকাতের হাতে পড়ছি নাকি?”
সেদিন অনেক ছবি উঠেছিল।
একটা ছবিতে ঐশী আর সৌরভ পাশাপাশি বসে আছে। ঐশী হাসছে। সৌরভ তার দিকে তাকিয়ে আছে।
ছবিটা দেখে আমরা সবাই বলেছিলাম, “এইটা ফ্রেম করে রাখবি।”
ঐশী সত্যিই ফ্রেম করেছিল।
বিয়ের পর ওদের বাসায় প্রথম যেদিন গিয়েছিলাম, ড্রয়িংরুমের দেয়ালে ছবিটা দেখেছিলাম।
তার নিচে ছোট্ট একটা শেলফ। কয়েকটা বই। একটা ইনডোর প্ল্যান্ট।
ঐশী খুব যত্ন করে সংসার সাজাচ্ছিল।
আমাকে বলেছিল, “দোস্ত, নিজের একটা সংসার হওয়ার অনুভূতিটাই আলাদা।”
আমি বলেছিলাম, “তোর সংসার তো দেখতেছি পিন্টারেস্ট বোর্ড হয়ে যাচ্ছে।”
ঐশী হেসেছিল।
_________________
সেই হাসিটা এখনো মনে আছে।
বিয়ের প্রথম কয়েক বছর ওদের খুব সুখী মনে হতো।
অন্তত বাইরে থেকে।
ফেসবুকে বিবাহবার্ষিকীর পোস্ট আসত। জন্মদিনে সারপ্রাইজ। মাঝেমধ্যে ঘুরতে যাওয়া। একসঙ্গে ছবি।
সৌরভ লিখত, My forever.
ঐশী লিখত, My home.
আমরা লাইক দিতাম। হার্ট রিঅ্যাক্ট করতাম। কমেন্টে লিখতাম, “মাশাআল্লাহ, সবসময় এমন থেকো।”
তারপর একসময় ছবিগুলো কমতে শুরু করল।
প্রথমে কেউ খেয়াল করেনি।
মানুষ তো বিয়ের পর প্রথম দিকের মতো ছবি দেয় না। চাকরি, সংসার, দায়িত্ব সব মিলিয়ে ব্যস্ত হয়ে পড়ে।
ঐশীও ব্যস্ত হয়ে গিয়েছিল।
কিন্তু একদিন গভীর রাতে ওর ফোন এল।
“তুই ঘুমাইছিস?”
“না। কী হইছে?”
ওপাশে কিছুক্ষণ কোনো কথা নেই।
তারপর ঐশী বলল, “সৌরভের অন্য কারও সঙ্গে সম্পর্ক আছে।”
আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি।
“কী বলিস?”
“অনেক দিন ধরে।”
ঐশী খুব শান্ত গলায় বলছিল। সেই শান্ত গলাটা আমার বেশি ভয় লাগছিল।
আমি জিজ্ঞেস করেছিলাম, “তুই নিশ্চিত?”
ঐশী বলেছিল, “হ্যাঁ রে। নিশ্চিত। আমি ওদের ঘনিষ্ঠ ভিডিও দেখেছি”
তারপর দীর্ঘ নীরবতা।
একসময় বলেছিল, “জানিস, আমি এতদিন ভাবতাম, আমাদের মধ্যে যা-ই হোক, সৌরভ আমাকে ছেড়ে যাবে না।”
আমি কী বলব বুঝতে পারিনি।
কারণ আমিও তাই ভেবেছিলাম। আমরা সবাই তাই ভাবতাম।
_________________
এরপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটেছিল।
ঝগড়া, বোঝাপড়ার চেষ্টা, পরিবারের হস্তক্ষেপ, কিছুদিন আলাদা থাকা।
তারপর তালাক।
সৌরভ তড়িঘড়ি করে অন্য মেয়েটাকেই বিয়ে করল।
খবরটা শুনে আমার মনে হয়েছিল, মানুষ এত সহজে একটা জীবন থেকে আরেকটা জীবনে চলে যেতে পারে কীভাবে?
অবশ্য সহজে গিয়েছিল কি না, সেটা আমি জানি না।
বাইরে থেকে অন্য মানুষের জীবনের হিসাব করা খুব কঠিন।
কিন্তু ঐশীর ভেঙে পড়াটা কাছ থেকে দেখেছি।
যে মেয়েটা একসময় বিয়ের শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে হাসছিল, সে একদিন নিজের বাসার মেঝেতে বসে বলেছিল, “আমার সবকিছু কি মিথ্যা ছিল রে? আমি চোরাবালিতেই কি আমার সংসার সাজাইছিলাম?”
আমি ওর পাশে বসেছিলাম।
উত্তর দিতে পারিনি।
কী উত্তর দেব?
যে ভালোবাসা একসময় সত্যি ছিল, পরে সেটা নষ্ট হয়ে গেলে কি আগের সব স্মৃতিও মিথ্যা হয়ে যায়?
সেদিন ঐশী একটা পুরনো অ্যালবাম বের করেছিল।
বিয়ের ছবি।
হলুদের ছবি।
বন্ধুদের সঙ্গে গ্রুপ ছবি।
একটা ছবিতে আমি ঐশীর ওড়না ঠিক করে দিচ্ছি।
আরেকটায় সৌরভ হাসতে হাসতে ঐশীর দিকে ঝুঁকে আছে।
ঐশী ছবিগুলো দেখছিল।
তারপর বলেছিল, “এগুলা ফেলে দিব?”
আমি বলেছিলাম, “আজকে কিছু করিস না।”
“কেন?”
“আজকে তোর খুব কষ্ট হচ্ছে। কষ্টের মধ্যে কোনো সিদ্ধান্ত নিস না।”
ঐশী অ্যালবামটা বন্ধ করে রেখেছিল।
পরে কী করেছে জানি না।
_________________
আজ দশ বছর পর ঐশী ভালো আছে।
অন্তত আমার যতটুকু জানা।
নিজের ক্যারিয়ারে অনেক দূর এগিয়েছে। একা থাকে। নিজের টাকায় গাড়ি কিনেছে, সুন্দর একটা বাসা সাজিয়েছে। বছরে দু-একবার বেড়াতে যায়।
কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে, কখনো অন্য দেশে।
ছবিতে ওকে খুব আত্মবিশ্বাসী দেখায়।
আগের সেই একটু লাজুক মেয়েটা নেই।
এখন নিজের জন্মদিনে নিজেই ফুল কেনে। ভালো রেস্টুরেন্টে খায়। নতুন কিছু শিখছে। একা সিনেমা দেখতে যায়।
মাঝেমধ্যে আমাকে ছবি পাঠায়।
“দোস্ত, এই ড্রেসটা কেমন?”
আমি বলি, “দারুণ।”
“বুড়ি হয়ে যাচ্ছি, বুঝলি?”
আমি বলি, “তুই জন্মের পর থেকেই বুড়ি।”
ঐশী হাসির ইমোজি পাঠায়।
আমাদের কথাবার্তায় এখন আর সৌরভের প্রসঙ্গ আসে না।
অনেক দিন হলো আসেনি।
আমি ইচ্ছে করেও তুলি না।
কারণ একটা মানুষ নিজের জীবন নতুন করে সাজিয়েছে। পুরনো ক্ষতটা কেমন আছে, সেটা বারবার জানতে চাওয়ার কোনো প্রয়োজন নেই।
সৌরভও আমার ফ্রেন্ডলিস্টে আছে।
আশ্চর্য হলেও সত্যি, আমি কাউকেই আনফ্রেন্ড করিনি।
হয়তো দীর্ঘদিনের পরিচয়ের কারণে। হয়তো নিছক উদাসীনতায়।
সৌরভের এখন নতুন সংসার।
স্ত্রী, সন্তান নিয়ে ব্যস্ত জীবন।
ফেসবুকে মাঝেমধ্যে পারিবারিক ছবি দেয়। বাচ্চার জন্মদিন, ঈদের পোশাক, রেস্টুরেন্টে ডিনার, ছুটির দিনে ঘুরতে যাওয়া।
ছবিগুলোতে সৌরভকে সুখী দেখায়।
তার নতুন স্ত্রীও মাঝেমধ্যে পোস্ট দেয়।
এক রাতে দেখেছিলাম, মেয়েটা খুব হতাশাজনক কিছু কথা লিখেছে।
বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে ফেলার কথা। নিজের অস্তিত্বের কোনো মূল্য খুঁজে না পাওয়ার কথা।
পোস্টটা দেখে আমার অস্বস্তি হয়েছিল। আত্মহত্যার ইঙ্গিতকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। কাছের কেউ যেন ওর খোঁজ নেয়, এমনটাই মনে হয়েছিল।
কিন্তু কয়েক দিন পর আবার দেখি, সৌরভ আর তার স্ত্রী একটা রেস্টুরেন্টে ডিনার করছে।
টেবিলে সুন্দর করে সাজানো খাবার। দুজনের হাসিমুখ। ক্যাপশনে ভালোবাসার কথা।
আমি ছবিটার দিকে তাকিয়ে ছিলাম।
কোনটা সত্যি?
রাতের সেই অসহায় পোস্ট?
নাকি ডিনার টেবিলের হাসি?
তারপর মনে হলো, দুটোই হয়তো সত্যি।
মানুষ একই সংসারে গভীর কষ্টও পেতে পারে, আবার ভালো মুহূর্তও কাটাতে পারে। একটা ছবি দিয়ে যেমন সুখের পুরোটা বোঝা যায় না, তেমনি একটা পোস্ট দিয়ে একটা সম্পর্কের সম্পূর্ণ ইতিহাসও জানা যায় না।
সৌরভের নতুন সংসার কেমন চলছে, সেটা আমার জানার কথা নয়।
তবু মাঝে মাঝে অবাক লাগে।
একই মানুষকে ঘিরে দুটো আলাদা জীবনের গল্প।
একজন তার সঙ্গে সংসার ভেঙে বেরিয়ে এসেছে।
আরেকজন তার সঙ্গে সংসার করছে।
একজন একা থেকেও নিজের জীবনটাকে নতুন করে গুছিয়ে নিয়েছে।
অন্যজন স্ত্রী-সন্তান নিয়ে ব্যস্ত।
কে বেশি সুখী, কে কম সুখী তার কোনো নির্ভরযোগ্য মাপকাঠি নেই।
ফেসবুকের ছবিগুলো তো আর মানুষের পুরো জীবন দেখায় না।
_________________
আজ গ্রুপ চ্যাটটা খুলে বসে থাকতে থাকতে হঠাৎ ঐশীকে একটা মেসেজ দিতে ইচ্ছা করছিল।
“দোস্ত, তোর কি কখনো ওই দিনগুলোর কথা মনে পড়ে?”
তারপর ভাবলাম, কী অদ্ভুত প্রশ্ন!
মনে পড়বে না কেন?
একটা মানুষের সঙ্গে কয়েক বছর প্রেম, তারপর বিয়ে, সংসার, একসঙ্গে ভবিষ্যৎ সাজানোর স্বপ্ন।
এতগুলো বছর কি কেবল একটা ডিভোর্স পেপারে সই করলেই স্মৃতি থেকে মুছে যায়?
ঐশী হয়তো এখন আর সৌরভকে ভালোবাসে না।
হয়তো কোনো অভিমানও নেই।
হয়তো সত্যিই জীবনের সবচেয়ে ভালো সময় পার করছে।
কিন্তু কোনো এক শীতের সন্ধ্যায় বিয়েবাড়ির আলোকসজ্জা দেখলে কি ওর নিজের বিয়ের কথা মনে পড়ে?
কোনো বান্ধবীর গায়েহলুদে গেলে কি মনে পড়ে, একদিন ওর জন্যও আমরা এভাবে নাচের রিহার্সাল করেছিলাম?
কোনো দোকানে লাল বেনারসি দেখলে কি মনে পড়ে, আয়নার সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, “দোস্ত, কেমন লাগতেছে?”
হয়তো পড়ে।
হয়তো পড়ে না।
মনে পড়া মানেই তো ফিরে যেতে চাওয়া নয়।
মানুষ এমন অনেক জায়গার কথা মনে করে, যেখানে আর কোনোদিন ফিরতে চায় না।
_________________
গ্রুপের মেসেজগুলো স্ক্রল করতে করতে জানুয়ারি ২০১৬-র মাঝামাঝি এসে পৌঁছালাম।
একজন লিখেছে, “Bye buddy।”
সঙ্গে একটা কার্টুন স্টিকার।
তারপর আরেকটা স্টিকার।
তার নিচে লেখা
Someone left the group.
তারপর আরেকজন।
তারপর আরেকজন।
একসময় প্রায় সারাটা স্ক্রিনজুড়ে শুধু একই ধরনের নোটিফিকেশন।
Left the group.
Left the group.
Left the group.
কী অদ্ভুত দৃশ্য!
বিয়ের আগে যে গ্রুপে এত কথা হতো, বিয়ে শেষ হওয়ার পর মানুষজন একে একে বেরিয়ে গেছে।
খুব স্বাভাবিক ব্যাপার।
অনুষ্ঠান শেষ। গ্রুপের প্রয়োজনও শেষ।
কিন্তু আজ এত বছর পর ওই নোটিফিকেশনগুলো পড়তে পড়তে মনে হলো, একটা সময়ের বিদায়ও কি এমনই হয় না?
প্রথমে সবাই একসঙ্গে থাকে।
অনেক পরিকল্পনা হয়। অনেক হাসাহাসি। অনেক প্রতিশ্রুতি।
তারপর কেউ চাকরির জন্য অন্য শহরে চলে যায়।
কেউ বিদেশে।
কেউ বিয়ে করে।
কেউ সম্পর্ক ভাঙে।
কেউ যোগাযোগ বন্ধ করে দেয়।
কেউ আর বেঁচেই থাকে না।
কোনো ঘোষণা ছাড়াই মানুষ একে একে অন্য মানুষের জীবন থেকে বেরিয়ে যায়।
শুধু মেসেঞ্জারের মতো বাস্তব জীবনে কোনো নোটিফিকেশন আসে না।
_________________
আমি ভাবছিলাম, ঐশী আর সৌরভও কি এই গ্রুপটা কখনো খুলে দেখে?
ওরাও তো নিশ্চয়ই পেয়েছিল একে একে সবার গ্রুপ ছেড়ে যাওয়ার নোটিফিকেশন।
যে গ্রুপটা তাদের বিয়ে উপলক্ষে খোলা হয়েছিল, সেই গ্রুপ থেকেই সবাই ধীরে ধীরে চলে গেছে।
তখন হয়তো ওরা পাশাপাশি বসে দেখেছে।
হয়তো সৌরভ হেসে বলেছে, “দেখো, সবাই পালাচ্ছে।”
ঐশী বলেছে, “বিয়ে শেষ, এখন আর গ্রুপে থাকবে কেন?”
হয়তো দুজনেই হেসেছে।
তখন কি কেউ কল্পনাও করতে পেরেছিল, কয়েক বছর পর ওরাও একে অন্যের জীবন থেকে বেরিয়ে যাবে?
অথচ তাদের জন্য কোনো left the group নোটিফিকেশন আসেনি।
কোনো একদিন শুধু দুজনের সংসারটা আর আগের মতো ছিল না।
_________________
গ্রুপটার সদস্যসংখ্যা এখনো আঠারো দেখাচ্ছে।
কেউ কেউ অ্যাকাউন্ট ডিলিট করেছে। কেউ নাম বদলেছে। কেউ বহু বছর ধরে নিশ্চুপ।
গ্রুপের নামটা কিন্তু এখনো রয়ে গেছে।
“365 Days of Bliss.”
আমি ভাবলাম, নামটা কি বদলে দেওয়া উচিত?
তারপর নিজেই হাসলাম।
কেন বদলাব?
এই নামটা তো মিথ্যা ছিল না।
২০১৬ সালের জানুয়ারিতে আমরা সত্যিই বিশ্বাস করেছিলাম, ঐশী আর সৌরভ সুখী হবে।
আমাদের শুভকামনাগুলোও সত্যি ছিল।
সেদিনের হাসিগুলো সত্যি ছিল।
ঐশীর লাল বেনারসি, সৌরভের উচ্ছ্বাস, বন্ধুদের নাচ, রাতভর আড্ডা সবই সত্যি ছিল।
পরবর্তী সময়ে সম্পর্কটা ভেঙে গেছে বলে আগের দিনগুলো অস্তিত্বহীন হয়ে যায় না।
আবার সেই স্মৃতিগুলো সুন্দর ছিল বলেই সম্পর্কটা টিকিয়ে রাখার কোনো বাধ্যবাধকতাও তৈরি হয় না।
হয়তো এটাই বড় হওয়ার সবচেয়ে কঠিন উপলব্ধিগুলোর একটা।
কিছু গল্প সুন্দরভাবে শুরু হয়, কিন্তু সুন্দরভাবে শেষ হয় না। তবু শুরুর সৌন্দর্যটুকু অস্বীকার করার প্রয়োজন নেই।
_________________
ঐশীর প্রোফাইলে ঢুকলাম।
গত সপ্তাহে একটা ছবি দিয়েছে।
সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে। পরনে সাদা শার্ট, চোখে সানগ্লাস। বাতাসে চুল উড়ছে।
ক্যাপশনে লিখেছে, Life lately.
ছবিটায় ওকে খুব সুন্দর লাগছে।
আমি একটা হার্ট রিঅ্যাক্ট দিলাম।
তারপর সৌরভের প্রোফাইল চোখে পড়ল।
ছেলের জন্মদিনের ছবি।
বাচ্চাটা বাবার গলা জড়িয়ে আছে। পেছনে বেলুন। পাশে তার স্ত্রী।
আমিও ছবিটা দেখলাম।
কোনো রিঅ্যাকশন দিলাম না।
হঠাৎ মনে হলো, এই দুজন মানুষ একসময় একই ছবির মাঝখানে দাঁড়িয়ে থাকত।
আজ তাদের ছবিতে আলাদা আলাদা মানুষ।
আলাদা বাড়ি।
আলাদা উৎসব।
আলাদা ভবিষ্যৎ।
অথচ আমার মেসেঞ্জারের একটা পুরনো গ্রুপে তারা এখনো একই সঙ্গে আছে।
সেই ২০১৬ সালের জানুয়ারিতে।
একটা বিয়ের অনুষ্ঠানের মাঝখানে।
_________________
মেসেঞ্জারে ফিরে এলাম।
গ্রুপের একেবারে শেষের দিকে আজকের নোটিফিকেশনটা দেখা যাচ্ছে।
Someone left the group.
দশ বছর পর।
এতদিন পরে কে যেন হঠাৎ মনে করেছে, এই গ্রুপে থাকার আর প্রয়োজন নেই।
হয়তো পুরনো মেসেজ খুঁজতে গিয়ে গ্রুপটা চোখে পড়েছে। হয়তো মেসেঞ্জার পরিষ্কার করছিল। হয়তো কোনো বিশেষ কারণই নেই।
কিন্তু তার চলে যাওয়ার নোটিফিকেশনটা আমার কাছে দশ বছর আগের একটা শীতের সন্ধ্যা ফিরিয়ে এনেছে।
একটা বিয়েবাড়ি।
লাল বেনারসি পরা আমার সবচেয়ে কাছের বান্ধবী।
বরের সাজে হাসতে থাকা একটা ছেলে।
বন্ধুদের হৈচৈ।
জুতা চুরির টাকা নিয়ে দরকষাকষি।
রাত শেষে ক্লান্ত হয়ে সবাই মিলে তোলা একটা ঝাপসা ছবি।
সেই ছবির মানুষগুলো এখন পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে।
কারও সংসার হয়েছে।
কারও সংসার ভেঙেছে।
কেউ নতুন করে ভালোবেসেছে।
কেউ একা থাকতে শিখেছে।
কেউ হয়তো সেদিনের কথা মনেও রাখেনি।
আমি গ্রুপের নামটার দিকে শেষবার তাকালাম।
“365 Days of Bliss.”
তারপর চ্যাটটা বন্ধ করে দিলাম।
লিভ করলাম না।
কোনো বিশেষ কারণে নয়।
শুধু মনে হলো, থাকুক।
এই গ্রুপে এখন আর কোনো বিয়ের আয়োজন হবে না। কেউ নাচের গান ঠিক করবে না। কেউ বলবে না, “ছবিগুলো তাড়াতাড়ি আপলোড করো।”
তবু থাকুক।
মানুষের জীবন থেকে মানুষ চলে যায়। সম্পর্কের নাম বদলে যায়। একই ছবির দুজন মানুষ দুই রকম জীবনে পৌঁছে যায়। কিন্তু কোথাও কোথাও তাদের একসঙ্গে থাকা পুরনো একটা সময় থেকে যায়।
আমার মেসেঞ্জারে যেমন রয়ে গেছে একটা বিয়ের গ্রুপ।
যে বিয়েটা আর নেই।
অথচ বিয়ের শুভেচ্ছাগুলো এখনো আছে।
Marzia Mithils