বিয়ের নয় বছরে শিলা আমাকে যত কথা বলেছে, তার অর্ধেকই এই একটা বাক্য “হাত ধুয়ে এসো, ভাত বাড়া আছে।”
বিয়ের নয় বছরে শিলা আমাকে যত কথা বলেছে, তার অর্ধেকই এই একটা বাক্য “হাত ধুয়ে এসো, ভাত বাড়া আছে।”
আমি চিটাগং একটা গার্মেন্টস কোম্পানির একাউন্টেন্ট। মাস শেষে হিসাব মেলে না, হিসাব মিললে বসের মেজাজ মেলে না। বাসায় ফিরতে ফিরতে রাত ন’টা, কোনোদিন দশটা। দরজা খুলে দেখতাম, শিলা ডাইনিং টেবিলে দুটো থালা সাজিয়ে বসে আছে। ঢাকনা দেওয়া তরকারির বাটি, ভাত দু’বার গরম করা হয়ে গেছে।
“খেয়ে নিলেই তো পারতে ” আমি বিরক্ত হয়ে বলতাম। “রোজ রোজ আমার জন্য বসে থাকো কেন?”
শিলা হেসে বলত, “তুমি না এলে একা খেতে ভালো লাগে না।”
আমি ভাবতাম, এ আবার কেমন কথা! ভাত খাওয়ার আবার সঙ্গী লাগে নাকি? পেট ভরলেই তো হলো!
প্রথম সপ্তাহ,
শিলার বাবা চট্টগ্রামের এক স্কুলের মাস্টার। মেয়ে দেখতে গিয়ে আমার মা জিজ্ঞেস করেছিলেন, “রান্না জানো, মা?”
শিলা মাথা নিচু করে বলেছিল, “ভাত রাঁধতে পারি, খালা। আর ভাত বাড়তে।”
মা হেসেছিলেন। আমিও হেসেছিলাম, কেন হাসছি না জেনেই। ফেরার পথে মাকে বলেছিলাম, “মেয়েটাকে আমার পছন্দ।” কেন পছন্দ, মা জিজ্ঞেস করেননি। আমিও বলতে পারতাম না।
বিয়ের প্রথম সপ্তাহেই আমি রাত বারোটায় ফিরলাম। ভেবেছিলাম, সে ঘুমিয়ে পড়েছে। দরজা খুলল শিলাই। চোখ দুটো ফোলা, কিন্তু মুখে হাসি।
“ঘুমাওনি?”
“তুমি তো ফেরোনি।”
“আমার জন্য জেগে থাকতে হবে না,” আমি জুতো খুলতে খুলতে বললাম। “প্রথম দিনই বলে রাখি, আমার ফিরতে দেরি হয়।”
শিলা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, “আমি বেশি কিছু চাই না। শুধু এইটুকু- দিনের শেষে যেন জানি, একজন মানুষ আমার কাছে ফিরে আসবে।”
“এ আর এমন কী চাওয়া!” আমি হেসে ফেললাম।
“এটাই তো সবচেয়ে বড় চাওয়া,” সে বলল। তারপর রান্নাঘরে গিয়ে ভাত গরম করতে বসল।
আমি তখন ভাবলাম, কী অদ্ভুত মেয়ে!
টিফিন বক্স,
শিলা রোজ আমার টিফিনের বাক্সে একটা করে চিরকুট রেখে দিত। কখনো দুই লাইন, কখনো মাত্র এক।
“আজ ঝোলটা একটু ঝাল, পানি খেও।”
“বৃষ্টি হবে হয়ত। ব্যাগে ছাতা দেওয়া আছে ”
আমি বাক্স খুলে চিরকুটটা দলা পাকিয়ে অফিসের পেপার বাস্কেটে ফেলে দিতাম, ভাত খেতাম, বাক্স ধুয়ে ফেরত দিতাম। পড়েছি কি না, মনে নেই। শিলা কখনো জিজ্ঞেসও করেনি।
যেবার প্রমোশনটা আমার তিন বছরের জুনিয়র এর ভাগে পড়ল, আমি সে রাতে ঝড়ের মতো বাসায় ঢুকলাম। জুতো ছুড়ে ফেললাম, ব্রিফকেস ছুড়ে ফেললাম। ডাইনিং টেবিলে ভাত বাড়া ছিল। শিলা হাত ধরে টেবিলে নিয়ে যাচ্ছিলো। হাত সরিয়ে দিলাম।
“খাব না। তুমি বুঝবে না, সারাদিন তো বাসায় থাকো। তুমি কি বুঝবা কাজের প্রেসার কি!
আমি বুঝবো না।
“ভাত না খেলে সব ঠিক হয়ে যাবে না,” শিলা নরম গলায় বলল।
“তুমি সারাদিন ঘরে বসে থাকো, অফিসের কী জানো তুমি?”
শিলা আর কিছু বলল না। থালাটা ঢাকনা দিয়ে ঢেকে রাখল। সে রাতে আমি শুনলাম, বাথরুমে কল ছেড়ে দিয়ে কেউ আস্তে আস্তে কাঁদছে। কলের শব্দ দিয়ে কান্না ঢাকা যায় না। আমি সবটাই শুনেছিলাম। তবু পাশ ফিরে শুয়ে রইলাম।
পরদিন টিফিনের বাক্সে চিরকুট:
“বস তোমাকে চেনে না। আমি চিনি। রাগ আমার ওপর কোরো, ভাতের ওপর নয়।”
আমি সেটাও দলা পাকিয়ে ফেলে দিয়েছিলাম।
সমুদ্র,
শিলার পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের হাওরে। বর্ষায় সেখানে চারদিকে শুধু পানি, কিন্তু সে পানির কোনো ঢেউ নেই, কোনো ওপার নেই। একদিন সে বলেছিল, “জানো, আমি জীবনে একবারও সমুদ্র দেখিনি।”
“প্রমোশনটা হোক, তারপর নিয়ে যাব,” আমি বলেছিলাম।
প্রমোশন হয়নি। পরের বছরও বলেছি, তার পরের বছরও। শিলা কখনো জেদ করেনি। শুধু একবার, আমার দিকে না তাকিয়ে, বলেছিল, “সমুদ্র তো আর পালিয়ে যাচ্ছে না, তাই না?”
আমি হেসেছিলাম। কথাটা যে সমুদ্রের নয়, আমাদের সময়ের, তখন বুঝিনি।
শিলা একটা পুরোনো ক্যালেন্ডারের পাতা থেকে সমুদ্রের ছবি কেটে ফ্রিজের গায়ে সেঁটে রেখেছিল। নীল পানি, সাদা ফেনা, দূরে একটা নৌকা। দু’বছর ধরে ওটা আমার চোখের সামনে ছিল। একবারও জিজ্ঞেস করিনি, কোথাকার সমুদ্র। ভেবেছিলাম, ফ্রিজের গায়ে এসব ছেলেমানুষি।
আমাদের পাঁচ বছরের বিবাহবার্ষিকীর রাতে আমি ফিরলাম এগারোটায়। বস ক্লায়েন্টকে নিয়ে ডিনারে বসেছিলেন, আমাকে থাকতে হয়েছে। ডাইনিং টেবিলে ইলিশ ভাজা, আমার প্রিয়, যেটা শিলা বছরে একবারই রাঁধত, কারণ ইলিশের দাম। পাশে দুটো মোমবাতি, জ্বালানো হয়নি।
“আজ কি কোনো বিশেষ দিন?” আমি জিজ্ঞেস করলাম।
এক মুহূর্তের জন্য শিলার মুখের আলোটা নিভে গেল, যেন কেউ সুইচ টিপে দিয়েছে। পরের মুহূর্তেই সে হাসল।
“না তো। আজ ইলিশ পেলাম, কিনে ফেললাম। হাত ধুয়ে এসো।”
আমি খেলাম। কাঁটা বেছে বেছে সে আমার পাতে মাছ তুলে দিল, আর আমি ভাবলাম, কখন ঘুমাতে পারব।
পরদিন সকালে ডাস্টবিনে দুটো নতুন মোমবাতি দেখলাম। কেন ফেলে দিয়েছে, ভাবিনি।
মঙ্গলবার,
সেদিন সকাল থেকে বৃষ্টি। দুপুরে মিটিংয়ের মাঝখানে ফোনটা কেঁপে উঠল। শিলা। কেটে দিলাম। আবার এল, আবার কেটে দিলাম। তারপর একটা মেসেজ-
“খুব জ্বর। মাথা ঘুরছে। একটু আসতে পারবে?”
আমি মিটিং শেষ করে বাসায় ফিরলাম রাত আটটায়। শিলা কম্বল জড়িয়ে সোফায় শুয়ে আছে, গা পুড়ে যাচ্ছে। আমাকে দেখে সে উঠে বসার চেষ্টা করল।
“ভাত বাড়ছি। হাত ধুয়ে এসো।”
“তুমি শুয়ে থাকো!” জীবনে প্রথমবার আমার গলা কাঁপল।
ডেঙ্গু। প্রথম রাতেই ডাক্তার বললেন, প্লাটিলেট নামছে, ভর্তি রাখতে হবে। হাসপাতালের করিডরে দাঁড়িয়ে দেখলাম, আমার ফোনের স্ক্রিনে তখনো শিলার তিনটা মিসড কল জ্বলছে।
পরদিন সকালে হাতে স্যালাইনের নল নিয়েও শিলা নার্সকে ডেকে বলল, “আপা, আমার স্বামীকে একটু বলবেন কিছু খেয়ে নিতে? কাল রাত থেকে কিছু খায়নি।”
“আমি ঠিক আছি,” আমি বললাম।
“তোমার শার্টের তৃতীয় বোতামটা ঢিলে হয়ে আছে,” সে আমার দিকে তাকিয়ে বলল। “বাসায় গিয়ে সেলাই করে নিও। সুই-সুতো ড্রয়ারের ডান দিকে।”
“তুমি নিজের কথা ভাবো, শিলা।”
“ভাবি তো,” সে হাসল। “নিজের কথা ভাবতে গেলেই তোমার কথা এসে যায়।”
দ্বিতীয় দিন প্লাটিলেট আরও নামল। শিলা বেশি কথা বলতে পারছিল না, তবু আমার হাতটা আঁকড়ে ধরে ছিল। এক সময় ফিসফিস করে বলল, “শোনো, আলমারির ভেতরে একটা জিনিস আছে। শাড়ির ভাঁজে…
“পরে শুনব,” আমি বললাম। “এখন ঘুমাও।”
সে একটু চুপ করে রইল। তারপর হাসল, ক্লান্ত, ভীষণ ক্লান্ত একটা হাসি। “আচ্ছা। পরে।”
তৃতীয় রাতে প্লাটিলেট নেমে গেল এমন জায়গায়, যেখান থেকে আর ফেরা যায় না। শেষ রাতে সে আমার হাত ধরে ক্ষীণ গলায় বলল, “এই তিন দিন তুমি একবারও দেরি করোনি। কী ভালো!”
আমি কিছু বলতে পারলাম না।
ভোরের আজানের সময় শিলা চলে গেল।
ঠান্ডা ভাত,
দাফনের পর আত্মীয়-পড়শিরা একে একে চলে গেল। রাত দশটা।
কেউ বলল না, “হাত ধুয়ে এসো।”
পানি আনতে ফ্রিজ খুললাম। সমুদ্রের ছবিটার নিচে একটা বাটি, ঢাকনায় হলুদ স্টিকি নোট:
“ডাল আছে। গরম করে নিও। ঠান্ডা খেলে পেট ব্যথা করবে।”
সোমবার রাতে রাঁধা ডাল। শিলার শেষ রান্না।
আমি ওটা গরম করলাম না। বাটিটা হাতে নিয়ে টেবিলে বসলাম। ভাত নেই, শুধু ঠান্ডা ডাল। এক চামচ মুখে দিলাম।
নয় বছরে আমার ভাত একদিনও ঠান্ডা হয়নি। শিলা দু’বার, তিনবার গরম করেছে আমার ফিরতে দেরি হওয়া প্রতিটা ঘণ্টার জন্য একবার।
ফেলে দেওয়া চিরকুট,
সাত দিন পর অফিসে গেলাম। ঘরে থাকলে দেয়ালগুলো আমাকে গিলে খাবে বলে মনে হচ্ছিল।
বিকেলে পিয়ন হাবিব আমার ডেস্কের সামনে এসে দাঁড়াল। হাতে একটা পুরোনো বিস্কুটের টিন।
“স্যার, একটা কথা বলব?” সে মাথা চুলকাল। “ভাবির হাতের লেখা খুব সুন্দর ছিল। আপনি ফেলে দিতেন, আমি ঝুড়ি থেকে তুলে রাখতাম। ভাবতাম, এত যত্ন করে যে লেখে, তার কথা ময়লায় যাবে কেন?”
আমি টিনটা খুললাম। ভেতরে শত শত চিরকুট, দলা পাকানো কাগজগুলো যত্ন করে সোজা করা। প্রতিটার পেছনে হাবিবের আনাড়ি হাতে লেখা তারিখ।
একটা তুললাম।
“তোমার মন খারাপ দেখলাম আজ। কিছু বলতে হবে না, শুধু সন্ধ্যায় ফিরে এসো।”
আরেকটা।
“আজ জানালায় একটা চড়ুই এসেছিল। তোমাকে বলার জন্য সারাদিন জমিয়ে রেখেছি। জানি, তুমি এসে বলবে ‘ক্লান্ত লাগছে’। তবু বলব।”
আরেকটা।
“দেরি হলে একবার ফোন কোরো। আমি শুধু জানতে চাই, তুমি ঠিক আছো।”
আমি কখনো ফোন করিনি।
টিনের একদম ওপরে সবচেয়ে নতুন চিরকুটটা। তারিখ—সেই মঙ্গলবার, যেদিন সকাল থেকে বৃষ্টি।
“শরীরটা ভালো লাগছে না আজ। সন্ধ্যায় একটু তাড়াতাড়ি এসো, কেমন?”
সেদিন আমি চিরকুটটা না পড়েই ফেলে দিয়েছিলাম।
হাবিব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি অফিসের ডেস্কেই, সবার সামনে, দু’হাতে মুখ ঢেকে ফেললাম।
আলমারির পেছনে,
দশ দিন পর শিলার মা এলেন ওর শাড়িগুলো নিয়ে যেতে। আলমারি খুলতেই ভাঁজ করা শাড়ির নিচ থেকে একটা খাম পড়ল।
ভেতরে দুটো বাসের টিকিট। ঢাকা থেকে কক্সবাজার। ১৪ ডিসেম্বর, আমাদের বিয়ের দশ বছর। সিট নম্বর ১এ আর ১বি। টিকিটের সঙ্গে আলপিন দিয়ে আটকানো একটা কাগজ। শিলার হাতের লেখা:
“প্রমোশনের জন্য আর অপেক্ষা করব না। পাড়ার বাচ্চাদের পড়িয়ে যা জমিয়েছি, তাতেই হয়ে যাবে। জানালার পাশের সিটটা আমার সমুদ্র কিন্তু আমি আগে দেখব, রাগ কোরো না। অফিসে ছুটির কথাটা তুমি নিজে বোলো, আমি বললে বস তো আবার তোমাকে বকবে।”
আমার হাত কাঁপছিল। শাড়ির ভাঁজে। হাসপাতালে, দ্বিতীয় রাতে, শিলা আমাকে এটাই বলতে চেয়েছিল।
আমি বলেছিলাম, “পরে শুনব।”
আমি মেঝেতে বসে পড়লাম। শিলার মা কিছু জিজ্ঞেস করলেন না। শুধু আমার পিঠে হাত রাখলেন।
১৪ ডিসেম্বর,
আমি গিয়েছিলাম। একা।
রাতের বাসে উঠে ১বি-তে বসলাম। ১এ-র জানালার পাশের সিটটা ফাঁকা রাখলাম। কনডাক্টর একবার বলল, “ভাই, ওই সিটে কি কেউ আসবে?” আমি বললাম, “আমার স্ত্রীর সিট।” সে আর কিছু বলল না।
মাঝরাতে বাসের আলো নিভে গেল। পাশের সারিতে এক বৃদ্ধা বসে তসবিহ জপছিলেন। বারবার তাঁর চোখ গিয়ে পড়ছিল ফাঁকা জানালার সিটটার দিকে, আর আমার হাতে ধরা টিকিটের দিকে।
“বাবা, কার জন্য রেখেছেন?” শেষে তিনি জিজ্ঞেস করলেন।
“আমার স্ত্রীর, খালা। সে সমুদ্র দেখতে চেয়েছিল। জীবনে একবারও দেখেনি।”
বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে থাকলেন। “সমুদ্র না দেখেই কেউ সমুদ্র চায় কীভাবে, বাবা?”
উত্তর দিলাম না। চুপ করে থাকলাম।
বাস থেকে হোটেলে গেলাম না, খুব ভোরে বিচে চলে গেলাম। সমুদ্রের দিকে থাকাতেই মনে হলো শিলা ঠিকই বলতো। সমুদ্র কোথাও পালিয়ে যাচ্ছে না। পালিয়ে যাচ্ছে আসলে সময়। শিলার সমুদ্র ঠিকই আছে, বরং আমি আমার সমুদ্রটা হারিয়ে ফেলেছি।
অবহেলায়! অযত্নে!
Nurul Amin