তখন আমি যৌবনা, তেইশ বছরের ঐ জীবনটা আমায় অনেক কিছু দিয়েছে আবার চিলের মত ছোঁ মেরে অনেক কিছুই কেড়ে নিয়েছে। উচ্চ মাধ্যমিক শেষে ল’কলেজ ভর্তি হয়েছিলাম, সেখান থেকেই পরিচয় রাশেদের সাথে। খুব চুপচাপ স্বভাবের রাশেদের বিনয় আর ঠান্ডা মেজাজ দেখেই ভাল লাগা শুরু।এর পেছনে আমার বাবার বদমেজাজি স্বভাব, চিৎকার চেঁচামিচির ভূমিকাটাই বেশি ছিল। মায়ের গায়ে হুটহাট হাত তুলত সে, মনের ভেতর এই বদমেজাজি আর বাঁচাল স্বভাবের মানুষদের প্রতি ঘৃণা আর বিরক্তির জন্ম সেখান থেকেই। রাশেদ ছিল আমার চেয়ে বছর তিনেকের বড়। ছাত্র রাজনীতি করত, মাঝারি ধরণের ছাত্রনেতাও বলা চলে। ডিপার্টমেন্টের বইগুলো প্রথমদিকে বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথা গুঁজে কলেজ ঢুকতাম। এর মাঝে আড়চোখে রাশেদকে প্রায় দেখতাম মনা দাদার চায়ের দোকানে বসে খুব শান্তভাবে চায়ের কাপে চুমুকু দিচ্ছে, মাঝেমাঝে তার কাছে যে ধরা খেতাম না তা কিন্তু না। এর মাঝে বাবা ব্যবসার কাজে চলে গেলেন বেনাপোল, তখন হাফ ছেড়ে বলেছিলাম “যাক বাবা এইবার বাঁচা গেল “।
তপন স্যারের ক্লাস শেষে ক্যান্টিনে বসে সমুচা খাচ্ছিলাম এমন সময় জানালা দিয়ে একটা চটের ব্যাগ ঠেলে আমার দিকে বাড়িয়ে দিয়েছিল রাশেদ, আমি ভ্যাবলার মত হা করে ওর দিকে তাকিয়েছিলাম সেদিন। কেউ দেখে ফেললে পাছে আমাকে জড়িয়ে কথা ছড়াতে পারে এই ভেবে রাশেদ দ্রুত পায়ে বটগাছটার দিকে হাঁটা ধরেছিল। যাবার আগে ইশারায় বলে গিয়েছিল ব্যাগটা আমার জন্য। ব্যাগের এক কোণে লাল কলমে লেখা ছিল “বইগুলোর খুব কষ্ট হয়”। বাড়ি ফেরার পথে ব্যাগটাকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ফিরেছিলাম।
ক্লাসের পড়া, পরীক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে রাশেদের ঘোরে ডুবে ছিলাম। ফলাফলও পেয়েছিলাম হাতেনাতে।
এক বিষয়ে মাত্র সতেরো পেয়েছিলাম! ,ডিপার্টমেন্টের সবচেয়ে কম নম্বর। মুখের উপর খাতা ছুঁড়ে হামিদ স্যার ভরা ক্লাসে বলেছিলেন “মুখ দেখাতে এখানে আসা লাগল কেন! জায়গার অভাব খুব”?
বুড়ো বটগাছটার নিচে বসে সেদিন ঘন্টাখানেক কেঁদেছিলাম। চোখমুখ ফুলিয়ে বাড়ি ফিরে সেদিন টানটান হয়ে বিছানায় শুয়ে পড়েছিলাম। ঘুম ভেঙেছিল শেষ বিকেলে। ঘুম ভাঙার পর মা ডেকে বলেছিলেন আমার সাথে কোন স্যার নাকি দেখা করতে এসেছে। বারান্দার কাঠের চেয়ারটায় তপন স্যারকে দেখে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল, ভেবেছিলাম স্যারও বুঝি অপমান করতে বাড়ি পর্যন্ত এসেছেন। কিন্তু হয়েছিল ঠিক উলটো, স্যারের দেয়া সাহসে আবার স্বাভাবিক হয়ে পড়াশুনা শুরু করে দিয়েছিলাম। ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম কিন্তু মনটা পড়ে থাকত মনা দার চায়ের দোকানে বসে থাকা শান্ত ছেলেটার কাছে। পড়া শেষে মাঝ রাত্তিরে চটের ব্যাগটাকে শক্ত করে জড়িয়ে ঘুমিয়ে পড়তাম। সকালে উঠে আবার পড়া শুরু করে দিতাম। মাস দুয়েক পর পরীক্ষা চলে আসল , পরীক্ষা শুরু হত সকাল নয়টায় শেষ হত এগারোটায়। রাশেদের ক্লাস হত সাড়ে এগারোটায়। পরীক্ষার কারণে তার দেখা পেতাম না । সেবার ডিপার্টমেন্ট ফার্স্ট হয়েছিলাম। হামিদ স্যার মাথায় হাত দিয়ে বলেছিলেন “আমার উপর অভিমান এখনো পুষে রেখেছিস”? আমি সেদিনও কেঁদে দিয়েছিলাম। সে কান্না ছিল জয়ের কান্না, নিজেকে প্রমাণের কান্না।
বেশ কয়েকদিন রাশেদকে সেবার আর দেখিনি। অসময়ের হুড়মুড়িয়ে আসা বৃষ্টিতে আমি যখন পালাতে ব্যস্ত ছিলাম তখন কেউ একজন পেছন থেকে গলা বাড়িয়ে বলেছিল “নাদিরা একটু দাঁড়াবে”? রাশেদের কন্ঠস্বর শুনে সেদিন চিনতে পারিনি, পেছন ফিরে দেখি রাশেদ! কয়েক সেকেন্ডে বুকের ধুকপুকানি শুরু হয়ে গিয়েছিল। তখন যে বৃষ্টির বেগ বেড়েছিল সে কথা ভুলে আমি ধুকপুকুনি বুকে পা টিপেটিপে এগিয়ে গিয়েছিলাম তার কাছে। রাশেদের চোখ দুটো বড্ড লাল ছিল সেদিন,ঐ চোখে চোখ রেখে কথা বলার সাহস তখন আমার ছিল না তাই অগত্যা মাথা নিচু করে বলেছিলাম “হ্যা বলুন” রাশেদ কোন কথা না বলে আমার হাত ধরে সেই বুড়ো বট গাছটার নিচে নিয়ে গিয়েছিল আমায়। আমার ভেতরে সেদিন কোন দ্বিধা ছিল না, ছিলনা কোন ভয়। বুড়ো বটগাছটা তখন ভিজে একাকার, এদিকওদিক তাকিয়ে রাশেদ হ্যাচকা টানে তার বুকে টেনে নিয়েছিল আমায়। কোন পুরুষের স্পর্শ সেদিনই প্রথম পেয়েছিলাম, আমার সারা শরীর লজ্জাবতীর পাতা হয়ে রাশেদের কাছে সমর্পণ করেছিল সেদিন। কোন এক অদৃশ্য শক্তির কাছে পরাস্ত হয়ে সেদিন বিন্দুমাত্র পিছিয়ে আসার শক্তি আমার ছিল না। আমার নাকের সাথে নাক ঠেকিয়ে রাশেদ বলেছিল “তোমার উপর সমস্ত অধিকার চাই আমি” আমি বিড়বিড় করে বলেছিলাম “আমিও চাই যে”। রাশেদের শরীর সেদিন জ্বরের উত্তাপে পুড়ছিল আর আমি রাশেদ নামক জ্বরে জ্বরাক্রান্ত ছিলাম, উত্তাপে পুড়েছিলাম।
বাড়ি ফেরার পথে রোজ একখানা চিঠি গুঁজে দিত রাশেদ, আমি ছিলাম বড্ড আলসে। আমি সাতটা চিঠির বদলে একখানা চিঠি দিতাম, সেটাও আবার দুশো থেকে আড়াইশ শব্দে। ভালবাসাবাসির বেলায়ও আমি ছিলাম বড্ড কঞ্জুস, রাশেদ সেদিক থেকে ছিল মহসীন সমতুল্য। একবার ক্লাসের সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পা মচকে গিয়েছিল আমার, সে কি ব্যথা! রাশেদ কোথা থেকে যেন পিতলের গ্লাস করে গরম সরষের তেল নিয়ে এসেছিল। ক্যাম্পাসের পেছনে থাকা পুকুরপাড়ের সিঁড়ির উপর বসে আমার পা তার বুকের কাছে নিয়ে গরম তেল দিয়ে মাসাজ করে দিয়েছিল আমি মানা করা সত্ত্বেও। ব্যথায় আমি যখন কাঁদোকাঁদো অবস্থা তখন দেখি বেচারার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে!সেদিন বড্ড খরুচে হয়ে কঞ্জুসপনাকে দূরে ঠেলে রাশেদের পুরু ঠোঁটে ঠোঁট ছুঁয়েছিলাম। বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ কেঁদেছিলাম নিজের খরুচে স্বভাবের জন্য। সময় গড়ানোর সাথে সাথে নিজের কঞ্জুসপনার খোলস থেকে বেরিয়ে এসেছিলাম। ভালবাসাবাসির ময়দানে আমিও রাশেদের মত দানশীল হয়ে উঠেছিলাম।রাশেদের সাতটা চিঠির বদলে আমি দশটার বেশি চিঠি লিখে ফেলতাম, বুড়ো বটগাছটার নিচে বসলে আমাদের ভেতরকার একফুট দূরত্বকে দূরে ঠেলে আঙুল ছুঁয়ে গল্প করতাম। বাবার ইচ্ছে ছিল মেয়ে বড় চাকরী করবে তারপর বিয়েশাদি, তাই বিয়ের ব্যাপার নিয়ে ঐ সময়কার অন্য মেয়েদের মত কথা শুনতে হয়নি।
রাশেদের বাড়ি থেকে চিঠি আসাতে কয়েকদিনের জন্য বাড়ি গিয়েছিল, বুড়ো বট গাছটার নিচে বসে রাশেদ আমার হাতটা শক্ত করে ধরে বলেছিল “ভুলোনা আমায় ” প্রতিত্তরে চোখে চিকচিক করা জল দেখিয়ে বলেছিলাম “তাড়াতাড়ি ফিরে এসো”।
হ্যা, রাশেদ ফিরেছিল।গুনে গুনে একষট্টি দিন পর ফিরেছিল।ওর দলের বড় ভাই, ডিপার্টমেন্ট এর বন্ধুদের কাছে প্রতিদিন একবার করে যেতাম রাশেদের খোঁজ নিতে।প্রতিদিন একই উত্তর পেতাম “জানিনা, যোগাযোগ হয়নি। হলে তোমাকে জানাবো “। এর মাঝে আমি চুরানব্বই খানা চিঠি লিখে ফেলেছিলাম! প্রথম দিকের চিঠিতে ছিল বিরহের আর্তনাদ,আর শেষেরগুলো অভিমানে ঠাসা। ছাত্রনেতা ওয়াহিদ ভাই একদিন ডেকে বললেন “রাশেদ ফিরেছে, এইযে তার নতুন বাসার ঠিকানা” আমি হাওয়ার বেগে সেদিন মালিবাগের বাসায় ছুটে গিয়েছিলাম। দোতলার চার নম্বর ঘরটার দরজা সেদিন আধখোলা ছিল, আমি হুড়মুড়িয়ে ভেতরে ঢুকতেই দেখি জলপাই রঙের শাড়ি পরা এক অপরিচিতা পেঁয়াজ কাটছে। আমি গলা বাড়িয়ে অনেকটা জোরে জিজ্ঞেস করেছিলাম “এখানে রাশেদ আছে”? অপরিচিতার উত্তরের আগেই পাশের ঘর থেকে রাশেদ বেরিয়ে এসেছিল। সবটা ততক্ষণে পরিষ্কার হয়ে গিয়েছিল আমার কাছে। মালিবাগ থেকে সূত্রাপুরের রাস্তাটা হেঁট এসেছিলাম, এক অজানা ঘোরে ছিলাম আমি। পিচের রাস্তায় পড়া কান্নার প্রতি ফোঁটা জল সেদিন আমার মতই একা হয়ে গিয়েছিল।
টানা দুটো মাস একঘরে হয়েছিলাম। কতবার মরতে গিয়ে ফিরে এসেছি তার হিসেব নেই। ভরা বর্ষার দুপুরে পিয়ন এসে হাতে একখানা চিঠি ধরিয়ে দিয়েছিল, বড়বড় অক্ষরে লেখা ছিল “ক্ষমা করে দিও ” খুব দম নিয়ে সেদিন চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। যে মানুষটা জেনেশুনে আরেকজনকে ঠকায়, জেনেশুনে অন্যায় করে তার জন্য ক্ষমা প্রাপ্তি লোক দেখানো ভাল সাজা আর কিছুই না। রাশেদের পেছনের গল্প জানার চেষ্টা ইচ্ছে কোনটাই ছিল না আমার, শুধু এটুকু জানতাম সুতোটা শক্ত ছিল না তাই অল্পতেই ছিঁড়ে গিয়েছিল।
যখন নিজেকে দেউলিয়া করতে বসেছিলাম তখনো সেই তপন স্যার এসে দরজায় কড়া নাড়লেন। শেষ বর্ষে কিছুই পড়া হয়নি তখন, তপন স্যারের দেয়া সাহসে আবার শুরু করলাম পড়াশুনা। তপন স্যার ছিলেন অবিবাহিত। একদিন কথার মাঝে বলেছিলেন “তোমার মত কেউ ঠকিয়ে গিয়েছিল এই আধা টাক ওয়ালা মানুষটাকে” এটা বলেই স্যার হো হো করে হেসে উঠেছিলেন, আমি সেদিন স্যারের হাসির পেছনে একটা বুনো মানুষ দেখেছিলাম, যে খুব যত্নে কষ্ট আড়াল করতে জানে।
বেনাপোল থেকে রঙচটা একটা প্রাইভেট কার এসেছিল যেটাকে ঘিরে বাড়ির সামনে অনেক মানুষ ভীড় জমিয়েছিল। বুকের সাথে চেপে ধরা বইগুলো করুণ ভঙ্গিতে পড়ে গিয়েছিল যখন দেখেছিলাম মা হাউমাউ করে কাঁদছে। বাবার মুখটা বড্ড কালো দেখাচ্ছিল সেদিন,হার্ট আ্যটাকে মরে যাওয়া বাবাকে যখন গোরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি জ্ঞান হারিয়েছিলাম। যে বাবাকে তার স্বভাবের কারণে দেখতে পারতাম না দুচোখে, জ্ঞান ফেরার পর সেই বাবাকেই সেদিন বারবার খুঁজেছিলাম। ব্যাংকে বাবা রেখে গিয়েছিলেন কয়েক লাখ টাকা যা দিয়ে অনায়েসে চলে যাবে আমাদের সংসার, তবে বদমেজাজি, বাঁচাল লোকটা আমার মাকে কখনো ঠকাননি, মাকে ছেড়ে যাননি, সারাদিন ঝগড়া করার পরেও একটা সময়ে এসে বলতেন “ব্লাউজের রঙ জলে গেছে সেটা আমাকেই কেন দেখতে হবে! মুখ ফুঁটে কিছু বলা যায়না নাকি”। মা প্রতিত্তরে মুচকি হাসি দিয়ে জানান দিতেন আগের ঝগড়া, বদমেজাজ সব তিনি ভুলে গেছেন। ভালবাসা কলেম কালি রিফিল করার মত, একটা সময়ে এসে নানা প্রতিবন্ধকতা আর পিছুটানে কালি শেষ হয়ে আসবে। দুজনের একজনকে খুব যত্নে কালিটা রিফিল করে নিতে হবে, তারপর কলমটা বেশ কিছুদিন চলবে, একটা সময়ে আবার ফুরিয়ে যাবে তারপর আবার রিফিল করে নিতে হবে।
বাবার মৃত্যুরদিন তপন স্যারকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম। ওদিনের পর থেকে স্যারের সাথে থাকা লোক দেখানো দূরত্বটা ঘুচে গিয়েছিল,স্নেহ খুঁজতে খুঁজতে ক্লান্ত মানুষটা যখন এক সমুদ্দর স্নেহে ডোবে তখন তাকে থামাবার কেউ থাকেনা। আমার বেলাতেও তাই হয়েছিল। কোন চ্যাপ্টার না বুঝলে, মন খারাপ থাকলে, কোন উৎসবে আমার প্রথম আর শেষ জায়াগা ছিল তপন স্যার ই। বইমেলাতে সারাদিন স্যারের সাথে ঘুরে বেড়াতাম, বুড়িগঙ্গায় নৌকায় চড়ে বেড়াতাম, অনেক দূরে চলে যেতাম হাঁটতে হাঁটতে। এর মাঝে গ্রাজুয়েশন শেষ করে স্যারের রেফারেন্সে মুটামুটি ধরণের চাকুরীও জুটে গেল। পোস্টিং হয়েছিল নেত্রকোনাতে। প্রথম চার মাসে কোন ছুটি মিলবেনা এই শর্তে চাকুরীতে জয়েন করার কথা ছিল। চার মাস পর এসে মাকে নিয়ে যাব এই বলে বাড়ি থেকে বেড়িয়েছিলাম। কমলাপুর রেলওয়ে স্টেশনে আমার সঙ্গে সেদিন স্যার ও এসেছিলেন, রাত সাড়ে এগারোটার ট্রেন ছিল সেদিন। ঝুম বৃষ্টিতে দুজন ভিজে একাকার, স্যার পকেটে থেকে লাল টকটকে রুমাল বের করে আমার মাথাটা মুছে দিয়েছিলেন। আমি পরম স্নেহময় ব্যাপারটা সেদিন আরো গভীর থেকেই উপলব্ধি করেছিলাম।
রাশেদের প্রতারণার চেয়ে বড় কষ্টটা সেদিন পেয়েছিলাম যখন জানতে পেরেছিলাম আমার মা ই স্যারের প্রাক্তন প্রেমিকা! স্যারকে খুব জঘন্যভাবে ঠকিয়েছিলেন আমার ই মা! স্যার এটা কোনদিন ই জানাতে চাননি আমাকে তবে স্যার চাননি আমার সাথে কোন কিছু গোপন করতে তাই ছোট্ট চিরকুটে লিখে দিয়েছিলেন তার ঠকে যাবার গল্প! বাবাও জানতেন ব্যাপারটা তাই তো স্যারকে নিয়ে প্রায় তাদের মাঝে ঝগড়া লেগে থাকত। চিরকুটের শেষে লেখা ছিল :
সেদিন সন্ধ্যায় তুমি আমাকে আর তোমার মাকে ছাদে একসঙ্গে দেখতে পেয়ে বেশ বিব্রত হয়েছিল, তোমার মায়ের প্রতি আমার কেয়ারিংগুলো নিয়ে ইদানীং বেশ উদ্বিগ্ন তুমি। আমি চাইছিলাম তুমি যেন তোমার মাকে জড়িয়ে আমায় ভুল না বোঝ তাই আজ সবটা জানিয়ে দিলাম। মুনা খুব অভিমানী মেয়ে, সে তোমাকে ছাড়া ভাল থাকতে পারবেনা। তাকে তোমার কাছে নিয়ে রেখো, আর হ্যা এই ব্যাপারটা মুনাকে কখনো জানতে দিওনা এটা তোমার কাছে আমার অনুরোধ রইল।
নাহ;মাকে কিছু বলার নেই। এই ঠকানো মানুষ গুলোরও হয়তো পেছনে কোন গল্প থাকে, ঠকে যাওয়া মানুষটার চেয়ে এরা যে বেশি ঠকে যায় সেটা তারা প্রতিটা নিশ্বাসে টের পায়। এদের মন খারাপের রাতগুলো খুব লম্বা হয়, এদের চোখের জল একটা সময়ে এসে শুকিয়ে যায়।একজন মানুষ কাঁদছে অথচ তার চোখ দিয়ে একফোঁটা জল বের হচ্ছেনা এর চেয়ে বড় শাস্তি এই দুনিয়ায় আর নেই।
#বৃত্ত
লিখেছেন :Borhan Uddin