আমার আব্বা ছিলেন আমার দেখা সবচেয়ে কিপটা মানুষ।
মিরপুর এক নম্বরে আটত্রিশ বছর একটা ছোট ফার্মেসি চালাইছেন। দোকানের নাম “তালুকদার মেডিকেল হল।” সাইনবোর্ডের রং উঠে গেছিল বিশ বছর আগে। আব্বা নতুন করান নাই। বলতেন, “মানুষ ওষুধ কিনতে আসে, সাইনবোর্ড দেখতে না।”
বাসা থেকে দোকান দেড় কিলোমিটার। রিকশাভাড়া ত্রিশ টাকা। আব্বা জীবনে ওই রাস্তায় রিকশায় উঠছেন, আমি দেখি নাই। রোদে হাঁটতেন, বৃষ্টিতে ছাতা নিয়া হাঁটতেন। সত্তর বছর বয়সেও।
আলমারিতে আব্বার পাঞ্জাবি ছিল তিনটা। সাদা দুইটা, একটা হালকা আকাশি। এই তিনটাই আমি দেখছি পনেরো বছর ধরে। কলার ক্ষয়ে গেলে আম্মা উল্টায় সেলাই করে দিতেন।
বাসায় কেউ লাইট জ্বালায় রাখলে আব্বা উঠে গিয়া নিভাইতেন। কিছু বলতেন না। শুধু নিভাইতেন।
আমার আব্বার নাম আলমগীর তালুকদার।
মহল্লার অনেকে আড়ালে বলত, “তালুকদার সাব টাকা খায় না, টাকা গুনে।”
২.
ছোটবেলায় এইটা নিয়া আমার খুব লজ্জা ছিল।
ক্লাস সেভেনে স্কুল থেকে কক্সবাজার পিকনিক। চাঁদা বারোশো টাকা। আব্বা দেন নাই। বলছিলেন, “সমুদ্র তো পালায় যাইতেছে না, বাপ। বড় হইয়া নিজের টাকায় যাইস।”
ক্লাসের সবাই গেল। আমি সেই তিন দিন স্কুলে যাই নাই, যাতে কেউ জিজ্ঞেস না করে কেন যাই নাই।
ঈদে আমাদের দুই ভাইয়ের জন্য একটা করে জামা। আমার ছোট ভাই রেদোয়ান একবার দুইটা চাইছিল। আব্বা বলছিলেন, “শরীর একটা, জামা দুইটা দিয়া কী করবি?”
আম্মা কোনোদিন আব্বার বিরুদ্ধে একটা কথা বলেন নাই। আমরা রাগ করলে শুধু বলতেন, “তোদের আব্বারে তোরা চিনস না।”
আমরা ভাবতাম, আম্মা আব্বার পক্ষ নিতেছেন। যেমন সব আম্মারা নেয়।
৩.
বড় হয়ে আমি ব্যাংকে চাকরি নিলাম। বেতন ভালো। প্রথম মাসের বেতন পেয়েই আব্বার জন্য একটা দামি পাঞ্জাবি কিনলাম। গাঢ় সবুজ, কলারে সাদা সুতার কাজ। বসুন্ধরা সিটি থেকে। চার হাজার দুইশো টাকা।
আব্বা প্যাকেট খুলে অনেকক্ষণ দেখলেন। হাত দিয়া কাপড়টা ছুঁইলেন। তারপর বললেন, “এত টাকা দিয়া ক্যান কিনলি বাপ।”
ঈদের দিন সকালে ওইটা পরে নামাজে গেলেন। দুপুরে ফিরে খুলে ভাঁজ করে রাখলেন।
তারপর আর কোনোদিন পরতে দেখি নাই।
পরের ঈদে আবার কিনলাম। এইবার হালকা ঘিয়া রঙের। একই ঘটনা। ঈদের দিন একবার, তারপর উধাও।
তৃতীয় বছর আমি রাগ করে জিজ্ঞেস করলাম, “আব্বা, আমার দেওয়া পাঞ্জাবিগুলা কই? পছন্দ হয় না, সোজা কইয়া দেন।”
আব্বা হাসলেন। “পছন্দ হইছে বাপ। খুব পছন্দ হইছে।”
“তাইলে পরেন না ক্যান?”
আব্বা উত্তর দিলেন না। উঠে চলে গেলেন।
আমি আর পাঞ্জাবি কিনি নাই।
৪.
একটা দিনের কথা আমি জীবনে ভুলব না। কারণ ওই দিন আমি আব্বাকে একটা কথা বলছিলাম, যেটা ফেরত নেওয়ার সুযোগ আর পাই নাই।
আমার বিয়ের আগে। নিতুদের বাড়ির সাথে কথা চলতেছে। আমি চাইছিলাম একটা কমিউনিটি সেন্টারে বড় করে অনুষ্ঠান। আব্বা বললেন, মসজিদে আকদ হবে, বাসায় কয়েকজন আত্মীয় খাবে। ব্যস।
আমি অফিস থেকে ফিরে ক্লান্ত ছিলাম। মেজাজও খারাপ। মুখ দিয়া বের হয়ে গেল।
“আব্বা, এত টাকা জমাইয়া কী করবেন? কবরে নিয়া যাইবেন?”
ঘরটা চুপ হয়ে গেল। আম্মা রান্নাঘর থেকে বের হয়ে দরজায় দাঁড়ায় রইলেন।
আব্বা আমার দিকে তাকাইলেন। রাগ করলেন না। একটু হাসলেন।
তারপর খুব আস্তে বললেন, “চেষ্টা তো করতেছি, বাপ।”
আমি বুঝি নাই। ভাবছিলাম, ঠাট্টা করতেছেন। গটগট করে নিজের রুমে চলে গেলাম।
বিয়ে মসজিদেই হইল।
৫.
আব্বা মারা গেলেন গত বছর রমজানের তিন দিন আগে। এশার পর। দোকান থেকে হেঁটে ফিরে বসছিলেন, বুকে ব্যথা। হাসপাতালে নেওয়ার সময়টুকুও পাওয়া যায় নাই।
বয়স একাত্তর।
জোহরের পর জানাজা, মিরপুর এক নম্বরের মসজিদে। ইমাম ওয়াহিদুর রহমান সাহেব পড়াইলেন।
আমি ভাবছিলাম, কয়জন আর আসবে। আত্মীয়স্বজন, দোকানের পাশের কয়েকজন দোকানদার, মহল্লার কিছু মুরুব্বি। একজন কিপটা ফার্মেসিওয়ালার জানাজায় আর কে আসে।
মসজিদ ভরে গেল। তারপর বারান্দা। তারপর রাস্তা।
আমি অবাক হয়ে তাকায় তাকায় দেখতেছিলাম। এদের বেশিরভাগকে আমি চিনি না। রিকশাওয়ালা, লুঙ্গি পরা দিনমজুর, মাদরাসার টুপি পরা ছেলে, কয়েকজন স্যুট-টাই পরা মানুষ, বোরকা পরা মহিলারা মসজিদের বাইরে দাঁড়ায় কাঁদতেছে।
জানাজার কাতারে আমার ঠিক সামনে একজন রিকশাওয়ালা দাঁড়ায় ছিলেন। পায়ে স্পঞ্জের স্যান্ডেল। গায়ে একটা পাঞ্জাবি।
গাঢ় সবুজ। কলারে সাদা সুতার কাজ।
আমার হাত ঠান্ডা হয়ে গেল।
ওই পাঞ্জাবি আমি চিনি। চার হাজার দুইশো টাকা। বসুন্ধরা সিটি। আমার প্রথম বেতনের।
৬.
জানাজার পর আমি লোকটার কাছে গেলাম। গলা দিয়া কথা বের হইতেছিল না।
“চাচা, এই পাঞ্জাবিটা…”
উনি পাঞ্জাবির কোনা দিয়া চোখ মুছলেন। “তালুকদার সাব দিছিলেন বাবা। ঈদের দিন বিকালে। কইছিলেন, আমার পোলা দিছে, খুব দামি জিনিস, তুমি পইরো। আর কাউরে কইয়ো না কে দিছে।”
উনার নাম কাশেম। মিরপুরে রিকশা চালান বাইশ বছর।
“আমার মাইয়ার বিয়ার সময় আটত্রিশ হাজার টাকা কম পড়ছিল। বরপক্ষ বিয়া ভাইঙ্গা দিব কইছিল। তালুকদার সাব দোকানের ক্যাশ থাইকা দিছিলেন। ফেরত চাই নাই। খালি কইছিলেন, আমার পোলাপান যেন না জানে।”
আমি কিছু বলতে পারলাম না।
কাশেম চাচার পিছনে আরেকজন দাঁড়ায় ছিল। ত্রিশের কাছাকাছি বয়স। শার্ট-প্যান্ট পরা। সে এগিয়ে এসে বলল, “ভাই, আমি রাজু। মিরপুর দশের একটা চায়ের দোকানে কাজ করতাম, বারো বছর বয়সে। আঙ্কেল প্রতি মাসে আমার স্কুলের বেতন দিতেন। পরে কলেজের। এখন আমি একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার। আঙ্কেলকে প্রথম বেতন দিতে চাইছিলাম। নেন নাই। বলছিলেন, আরেকজন রাজু খুঁইজা বাইর করো।”
তারপর একজন বৃদ্ধা মহিলা আমার হাত ধরে কাঁদলেন। বিধবা। আব্বা দশ বছর ধরে প্রতি মাসের প্রথম দিন উনার ঘরে বিশ কেজি চাল পাঠাইতেন। দোকানের কর্মচারী দিয়া। উনি জানতেন না কে পাঠায়। জানাজার ঘোষণায় নাম শুনে কর্মচারী ছেলেটা উনাকে বলে দিছে।
আমি সেদিন মসজিদের সিঁড়িতে বসে পড়ছিলাম। রেদোয়ান আমার পাশে এসে বসল। দুই ভাই কেউ কোনো কথা বলি নাই।
৭.
এরপর চল্লিশ দিন ধরে বাসায় মানুষ আসতে থাকল।
কেউ সকালে, কেউ রাতে। কেউ ফল নিয়া, কেউ খালি হাতে। আম্মার হাত ধরে কাঁদে, তারপর চলে যায়।
আমি একটা খাতা কিনলাম। যে আসে, তার নাম আর কী বলে, লিখে রাখি।
একজনের মায়ের ছানি অপারেশন। একজনের ছেলের মাদরাসার খরচ, সাত বছর। একজন মুদি দোকানদার, যার দোকান আগুনে পুড়ে গেছিল, আব্বা নতুন করে মাল তুলে দিছিলেন। একজন কলেজছাত্রী, ফরম ফিলাপের টাকা। মহল্লার মসজিদের অজুখানার টাইলস, যেটা আমরা জানতাম “এক দানশীল ব্যক্তি” করে দিছেন।
চল্লিশ দিনে খাতায় সাঁইত্রিশটা নাম।
প্রত্যেকের গল্পের শেষে একই কথা। “কইছিলেন, পোলাপান যেন না জানে।”
আমি খাতাটা নিয়া এক রাতে আম্মার কাছে বসলাম।
“আম্মা, আপনি জানতেন?”
আম্মা অনেকক্ষণ চুপ থাকলেন। তারপর মাথা নাড়লেন।
“সব জানতাম না বাপ। কিছু কিছু। তোর আব্বা রাতে দোকান থাইকা ফিরা কইত, আইজ একজনের একটু দরকার আছিল। আমি জিজ্ঞেস করতাম না কে। উনিও কইত না।”
“আমাদের কন নাই ক্যান? আমরা তো সারাজীবন উনারে…”
শব্দটা আমি শেষ করতে পারলাম না।
আম্মা আমার মাথায় হাত রাখলেন।
“একবার আমিও কইছিলাম, পোলাপান তোমারে কিপটা ভাবে, কষ্ট পায়। একবার কও না ওদের। তোর আব্বা কইছিল, ওরা জানলে আমার আমলটা আর আমার থাকব না, ওদের সামনে দেখানোর জিনিস হইয়া যাইব। ওরা আমারে কিপটা ভাবুক। আল্লাহ তো জানে।”
৮.
নবীজি (স.) বলেছেন, কেয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন সাত ধরনের মানুষ সেই ছায়ায় থাকবে। তাদের একজন সেই মানুষ, যে এত গোপনে দান করে যে তার বাম হাতও জানে না ডান হাত কী দিল (সহিহ বুখারি ও মুসলিম)।
আমার আব্বার বাম হাত জানত না। ডান হাতের পাশে যে দুইটা ছেলে চৌত্রিশ বছর ঘুমাইছে, তারাও জানত না।
আর আমি?
আমি বছরে একবার যাকাত দেই। হিসাব করে, যতটা কমানো যায় কমায়ে। সিগন্যালে ভিক্ষুক আসলে পকেটে ভাংতি থাকলে দেই। মসজিদের দানবাক্সে টাকা ফেলি, যখন পাশের মানুষ দেখে।
আমরা দান করি ডান হাতে, আর বাম হাতে ছবি তুলি।
আব্বা ত্রিশ টাকার রিকশাভাড়া বাঁচাইতে রোদে হাঁটতেন। আমি ভাবতাম কিপটামি। এখন জানি, ওই ত্রিশ টাকা প্রতিদিন গিয়া জমা হইত একজন বিধবার মাসের চালে।
কিপটা মানুষ সবকিছু আঁকড়ে রাখে।
আব্বা আঁকড়ে রাখছিলেন শুধু নিজের প্রয়োজনটা। যাতে অন্যের প্রয়োজনে হাতটা খোলা থাকে।
৯.
রমজানের এক রাতে খাতাটা নিয়া বারান্দায় বসে ছিলাম। হঠাৎ বিয়ের আগের সেই সন্ধ্যার কথাটা মনে পড়ল।
“এত টাকা জমাইয়া কী করবেন? কবরে নিয়া যাইবেন?”
“চেষ্টা তো করতেছি, বাপ।”
আমি খাতাটা বুকে চেপে ধরে বসে রইলাম। অনেকক্ষণ।
আব্বা ঠাট্টা করেন নাই।
উনি সত্যি সত্যি টাকা কবরে নিয়া যাইতেছিলেন। প্রতিদিন একটু একটু করে। কাশেম চাচার মেয়ের বিয়েতে, রাজুর স্কুলের বেতনে, বিধবার চালের বস্তায়, মসজিদের অজুখানার টাইলসে।
আব্বা টাকা জমাইতেন না। পাঠাইতেন। এমন একটা জায়গায়, যেখানে ব্যাংক দেউলিয়া হয় না, টাকার দাম কমে না, কেউ চুরি করতে পারে না।
নবীজি (স.) বলেছেন, সদকা সম্পদ কমায় না (সহিহ মুসলিম)।
আটত্রিশ বছর ফার্মেসি চালানো একজন মানুষ, যার সাইনবোর্ডে রং নাই, আলমারিতে তিনটা পাঞ্জাবি, তার জানাজায় রাস্তা ভরে গেছিল।
আর আমার একাউন্টে যত টাকা জমা, তার একটা পয়সাও আমার সাথে কবরে যাওয়ার ব্যবস্থা আমি করি নাই।
১০.
এখন আমি কী দেই, কাকে দেই, এখানে লিখব না।
আব্বা শিখাইছেন, ওইটা লেখার জিনিস না।
শুধু একটা কথা বলি। খাতার সাঁইত্রিশটা নামের মধ্যে কয়েকজনের প্রয়োজন এখনো শেষ হয় নাই। আব্বার কলমটা থেমে গেছে। খাতাটা থামে নাই।
গত ঈদে আমি দুইটা পাঞ্জাবি কিনছি। একটা গাঢ় সবুজ। কলারে সাদা সুতার কাজ।
ঈদের দিন সকালে একবার পরছি। নামাজে গেছি।
দুপুরে খুলে ভাঁজ করে রাখছি।
তারপর বিকালে…
থাক। আব্বার মতো আমিও কাউকে বলব না।
আপনার ঘরেও হয়তো এমন একজন আছেন। যাকে আপনি কিপটা ভাবেন। যার আলমারিতে পুরান তিনটা পাঞ্জাবি। যিনি রিকশায় না উঠে হাঁটেন।
তাঁকে হয়তো আপনি চেনেন না।
আর আপনি নিজে? আপনার টাকার কতটুকু আজ পর্যন্ত কবরের দিকে পাঠাইছেন?
“কিপটা”
ঘুম ভাঙার গল্প
Saimon Alam Shovo | Saimstory