বিছানার চাদর দিয়ে নিজের অর্ধন*গ্ন শরীরটা ঢাকলাম। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো মুছতে মুছতে পিয়াসের দিকে তাকিয়ে বললাম,
“এইভাবে আর কতদিন তোমার বন্ধুর খালি ফ্ল্যাটে আসতে হবে? তোমার কি ইচ্ছে করে না আমাদের একটা ঘর হোক, সংসার হোক?”
শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে পিয়াস উত্তর দিলো, “এইসব বলে এখন আজাইরা প্যারা দিও না। যখন সময় হবে তখন বিয়ে করবো।”
কিছুটা রেগে গিয়ে পিয়াসকে বললাম, “যখন বিয়ের প্রসঙ্গ তুলি তখনই তুমি এড়িয়ে যাও কেন? তুমি জানো, প্রতিদিন আমার কত কিছু সহ্য করতে হয়? মাস্টার্স শেষ করা একটা মেয়েকে কোনো বাবা-মা ঘরে বসিয়ে রাখে না। বাসা থেকে প্রতিদিনই বিয়ের কথা বলছে। আমি আর কতদিন থামিয়ে রাখবো?”
পিয়াস বিরক্ত হয়ে বললো, “থামিয়ে রাখতে না পারলে বিয়ে করে ফেলো। আমি এখন বিয়ে করতে পারবো না।”
কথাগুলো বলে পিয়াস বাসা থেকে বের হয়ে গেলো। পাশে থাকা ড্রেসিং টেবিলের আয়নায় যখন নিজের শরীরে কা*মড়ের দাগগুলো দেখছিলাম তখন নিজের প্রতি তীব্র ঘৃণা কাজ করছিলো। এই দাগগুলোতে কোনো ভালোবাসা ছিলো না। ছিলো তীব্র লালসা আর শারীরিক ক্ষু*ধা। এই দাগগুলো আমায় স্পষ্টভাবে মনে করিয়ে দিচ্ছিলো আমি কত বড় পাপী…
সারা সপ্তাহ পিয়াসের সাথে আমার ঝগড়া লেগে থাকে। শুধু বৃহস্পতিবার রাতে পিয়াস আমার সাথে একটু ভালো ব্যবহার করে। যাতে শুক্রবার রাতে ওর বন্ধুর ফ্ল্যাটে এসে থাকতে পারি…
—–
বাসায় এসে দেখি ড্রয়িং রুমে কয়েকজন অপরিচিত মানুষ বসে আছে। মা আমাকে হাত ধরে টেনে অন্য রুমে নিয়ে গিয়ে বললো, “প্রতি সপ্তাহেই কি তোর বান্ধবীর বাসায় গিয়ে থাকতে হয়। আর তোর ফোন বন্ধ কেন? ছেলেপক্ষ কতক্ষণ ধরে বসে আছে।”
আমি মাকে বললাম, “মা, আমি কতবার বলবো আমি এখন বিয়ে করবো না। তারপরও দুইদিন পরপর বাসায় ছেলে নিয়ে আসো কেন?”
পেছন থেকে বাবা রাগী গলায় বললো, “এখন বিয়ে করবে না তো কখন করবে? বয়স কি থেমে আছে? আমি আগেই বলেছিলাম তোমার পছন্দের কেউ থাকলে আমার সাথে দেখা করাও। কিন্তু তুমি তো কিছু বলো নি।”
আমি মাথা নিচু করে আমতা আমতা করে বললাম, “পছন্দের আছে একজন। আজ সন্ধ্যায় তোমার সাথে কথা বলার জন্য ও বাসায় আসবে। তুমি উনাদের চলে যেতে বলো।”
বাবা আমার মায়ের দিকে তাকিয়ে বললো, “তোমার মেয়েকে বুঝিয়ে বলো আজ যদি তার পছন্দের মানুষ দেখা করতে না আসে। তাহলে কাল যাকে পাবো তার সাথেই তোমার মেয়ের বিয়ে দিবো। গলার মধ্যে মাছের কাঁটার মতো আটকে আছে তোমার মেয়ে।”
—–
আমার মাথা ঠিকমতো কাজ করছিলো না। আজ যেভাবেই হোক পিয়াসকে আমাদের বাসায় নিয়ে যেতে হবে। তাই পাগলের মতো পিয়াসের অফিসে ছুটে আসলাম। পিয়াস আমায় দেখে বিরক্ত হয়ে বললো, “তোমায় না আগেও বলেছি। হুট করে আমার অফিসে আসবে না।”
আমি চোখের পানিটা মুছতে মুছতে বললাম, “তুমি আজ আমার বাবার সাথে একবার দেখা করো। তোমার এখন বিয়ে করতে হবে না। তুমি যতদিন ইচ্ছা সময় নাও। আমি অপেক্ষা করবো। শুধু বাবার সাথে একবার দেখা করো।”
পিয়াস আমার দিকে তাকিয়ে বললো, “তুমি এখন বাসায় যাও। আমি পরে সময় করে এই বিষয় নিয়ে কথা বলবো।”
আমি পিয়াসের পা ধরে বললাম, “এই সময়টাই তো আমার হাতে নেই। বাবা কোনোভাবে মানছে না। তুমি একবার বাবার সাথে দেখা করো তারপর তুমি যতদিন বলবে আমি ততদিন অপেক্ষা করবে।”
পিয়াস আমাকে টেনে তুলে রাগী গলায় বললো, “দয়া করে অফিসের মধ্যে কোনো ড্রামা করো না। কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। তুমি বাসায় যাও আমি রাতে তোমাদের এইখানে আসবো।”
পিয়াসের এই কথাটা শুনে মনে হচ্ছিলো এতো বছর ধরে বুকের উপরে থাকা পাথরটা সরে গেলো। প্রাণভরে নিশ্বাস নিয়ে আমি পিয়াসের দিকে তাকিয়ে হেসে বললাম, “ঠিক আছে, আমি নীল শাড়ি পড়ে তোমার জন্য অপেক্ষা করবো। তোমার পছন্দের সবকিছু আজ আমি নিজ হাতে রান্না করবো। আর তুমি কিন্তু মনে করে সাদা পাঞ্জাবি পড়ে আসবে ”
অফিস থেকে বের হবার সময় পিয়ন লোকটা আমায় দেখে বললো, “আপা মিষ্টি না খেয়েই চলে যাচ্ছেন?”
আমি লোকটার দিকে খেয়াল করে দেখলাম দুই হাত ভর্তি মিষ্টির প্যাকেট। আমি বললাম, “কিসের মিষ্টি?”
পিয়ন লোকটা হেসে বললো, “এমডি স্যারের মেয়ের সাথে পিয়াস স্যারের বিয়ে ঠিক হয়েছে। আপনি তো পিয়াস স্যারের মামাতো বোন। আগেও দুই একবার আপনাকে স্যারের কাছে আসতে দেখেছি। এই নেন আপা এক প্যাকেট মিষ্টি আপনিও বাসার জন্য নিয়ে যান।”
লোকটা আমার হাতে মিষ্টির একটা প্যাকেট দিয়ে চলে গেলো। আমি পিছন ঘুরে যে পিয়াসের কাছে যাবো পায়ে সেই শক্তিটুকু পাচ্ছিলাম না। পুরো পৃথিবী আমার কাছে মুহূর্তের জন্য থমকে গিয়েছিলো। হাঁটতে হাঁটতে কখন রেললাইনের কাছে চলে এসেছি নিজের খেয়াল নেই। আমার পিছন পিছন রেলস্টেশন বস্তির ছোট ছোট ছেলেমেয়েগুলোও হাঁটছে। আমি মিষ্টির প্যাকেটটা ওদের দিকে বাড়িয়ে দিয়ে রেললাইনে বসে অপেক্ষা করছিলাম একটা চলন্ত ট্রেনের জন্য…
—-
“এই লাইনে নতুন নাকি? পোশাক-আশাক দেখে তো মনে হচ্ছে ভালো পরিবারের মেয়ে।”
কথাটা শুনে তাকিয়ে দেখি একটা মেয়ে। ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, মুখে সস্তা মেকআপ আর গায়ে কড়া পারফিউমের গন্ধ। আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে বললাম, “আমি কোনো বে*শ্যা না।”
মেয়েটা আমার চোখের দিকে তাকিয়ে বললো, “তুই কি নিশ্চিত, তুই বে*শ্যা না?”
আমি রেগে গিয়ে চিৎকার করে বললাম, “কয়টা টাকার জন্য নিজের শরীর অন্য জনের কাছে বিলিয়ে দিবো এতটা খারাপ আমি না।”
কথাটা বলার সময় আমার গলাটা কেন জানি থেমে থেমে যাচ্ছিলো। মেয়েটা আমার পাশে বসে মুচকি হেসে বললো, “বে*শ্যা আর তোর মধ্যে পার্থক্য কি জানিস? বে*শ্যা খাবারের জন্য নিজের শরীর বি*ক্রি করে, আর তুই ভালোবাসার জন্য। বে*শ্যা তার শরীরের বিনিময়ে পারিশ্রমিক পায়, তুই তোর শরীরের বিনিময়ে কি পেলি?
আমি চোখ কান বন্ধ করে চিৎকার করে বললাম, “আমার সামনে থেকে চলে যাও।”
আমার কথা শুনে মেয়েটা যায় নি। ওর সস্তা কড়া পারফিউমের ঘ্রাণ এখনো আমার নাকে আসছে। আমি চোখ খুলে দেখি মেয়েটা এখনো বসা। দূরে ট্রেন আসার শব্দ শোনা যাচ্ছে। মেয়েটা ফিসফিসিয়ে বললো, “এতো বছর পরিশ্রম করেছিস পারিশ্রমিক না নিয়েই ম*রে যাবি। একবার শেষ চেষ্টা করে দেখ।”
—-
বৃহস্পতিবার রাত ১১টার দিকে পিয়াস আমায় ফোন করে বললো, “বাবু আমি খুবই সরি সেদিন তোমাদের বাসায় আসতে পারি নি। একটু ঝামেলায় ছিলাম তাই তোমার সাথে যোগাযোগও করতে পারি নি।”
আমি হেসে বললাম, “কোনো সমস্যা নেই। আমি বাবাকে বলে ম্যানেজ করে নিয়েছি।”
-“কাল আসতে পারবে? সুমনরা কয়েকদিনের জন্য গ্রামের বাড়ি গিয়েছে।তোমার জন্য সারপ্রাইজ আছে ”
আমি কিছুটা লজ্জা পেয়ে বললাম, “আচ্ছা ঠিক আছে।”
—-
আমি আজ নীল শাড়ি পরেছি। মাথার খোঁপায় দিয়েছি শিউলি ফুল। রান্না করার সময় পিয়াস আমায় পেছন থেকে জড়িয়ে ধরে বললো, “প্রতি সপ্তাহে এসে তোমার রান্না করে কেন সময় নষ্ট করতে হয়? বাহির থেকে খাবার অর্ডার করে নিতাম।”
আমি মুচকি হেসে বললাম, “সপ্তাহের ৬ দিনেই তো বাহিরের খাবার খাও। একদিন না হয় আমার রান্না করা খাবার খেলে।”
রাত ১টা বাজে। পিয়াস ছোট বাচ্চাদের মতো বিভোর হয়ে ঘুমাচ্ছে। সাদা পাঞ্জাবি পড়া অবস্থায় পিয়াসকে এতো নিষ্পাপ লাগছে কেন? আমি রান্নাঘর থেকে ছু*রিটা এনে যখন ওর সামনে দাঁড়ালাম তখনই কলিংবেল বাজলো। ছু*রিটা শাড়ির আঁচলে লুকিয়ে ভয়ে ভয়ে দরজা খুলে দেখি রেললাইনে দেখা হওয়া সেই মেয়েটা। আগের মতোই ঠোঁটে টকটকে লাল লিপস্টিক, মুখে সস্তা মেকআপ আর গায়ে কড়া পারফিউমের গন্ধ।
আমি অবাক হয়ে মেয়েটাকে বললাম, “তুমি এইখানে কেন? আর এই বাসার ঠিকানা কোথায় পেলে?”
মেয়েটা আমার কথার কোনো উত্তর না দিয়ে ঘু*মের ওষুধের পাতাটার দিকে তাকিয়ে বললো, “পুরোটাই খাইয়েছিস?”
আমি আমতা আমতা করে বললাম, “হ্যাঁ।”
মেয়েটা পিয়াসের ঘুমন্ত মুখটা দেখে বললো, “ভুল করেছিস। অর্ধেক ম*রা মানুষকে তো মে*রে মজা নেই। তোর উচিত ছিলো ওরে সজাগ রাখা। যেন তোকে দেওয়া প্রতিটা কষ্ট সে উপলব্ধি করতে পারে। যাইহোক যেটা করতে চেয়েছিলি করে ফেল।”
আমার হাত পা কাঁপছিলো। আমি পারছিলাম না। পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিলো। মেয়েটা তখন চিৎকার করে বললো, “যে ছেলেটা একসময় ভিখারির মতো তোর কাছে ভালোবাসা চেয়েছিলো এখন সেই ছেলেটার পা ধরেও তুই ভালোবাসা পাস নি। তোর শরীরে প্রতিটা জায়গায় এই ছেলেটা লা*লসার চিহ্ন এঁকে দিয়েছে, তোকে ভালোবাসার ছোঁয়া কখনো দেয় নি। যে ছেলেটা তোকে বে*শ্যার মতো ব্যবহার করেছে তার প্রতি এতো মায়া দেখাচ্ছিস কেন? ওর বু*ক ছিঁ*ড়ে দেখ ওর ভিতরে কি আছে। কেন তোকে এমন পাপী বানিয়েছে।”
আমি কথাগুলো সহ্য করতে পারছিলাম না। পিয়াসের বু*কে চালিয়ে দিলাম ছু*রি। আমি খুঁজতে থাকলাম ওর বুকের মধ্যে আসলে কে আছে। এতটা অসহায় পিয়াসকে আমি আগে কখনো দেখি নি। ও শুধু একবার আমার দিকে তাকিয়ে চোখটা আস্তে আস্তে বন্ধ করে দিলো।
আমার নীল শাড়ি লাল হয়ে গেছে। শিউলি ফুলে লেগেছে লাল আভা। তাকিয়ে দেখি মেয়েটা পাশে নেই। তারমানে মেয়েটা কেউ ছিলো। এটা আমার কল্পনা। হঠাৎ পিয়াসের ফোনে একটা ছোট্ট মেসেজ আসলো। তাতে লেখা ছিলো, “it’s ok”। এই মেসেজের উপরে পিয়াসের ছোট করে লেখা ছিলো, “Sorry, আমি পারবো না”
-পাপী
-আবুল বাশার পিয়াস